আন্দিজ পর্বতমালায় নিখোঁজ ব্যক্তি চার মাস পর উদ্ধার
বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা আন্দিজে নিখোঁজ ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। চার মাস আগে দূর্গম এই গিরিমালায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি।
জীবিত অবস্থায় রোববার তাকে উদ্ধার করা হয়েছে বলে আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।
এই চারমাস পর্বতে কঠোর একটি শীতকাল পার করেছেন উরুগুয়ের নাগরিক রাউল ফার্নান্ডো গোমেজ সিরকুনেগুই। ইঁদুর ও শুকিয়ে যাওয়া আঙুর খেয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি।
চলতি বছরের মে মাসে আন্দিজ পেরিয়ে চিলি থেকে আর্জেন্টিনা যাচ্ছিলেন তিনি। পথে তার মোটরসাইকেল ভেঙে যায়। এরপর পায়ে হেঁটে পবর্ত পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন তিনি আর এক সময় হারিয়ে যান।
পর্বতে তুষারের পরিমাণ রেকর্ড করতে গিয়ে তাকে দেখতে পান আর্জেন্টিনার কর্মকর্তারা। তখন তিনি পর্বতের দুই হাজার ৮শ’ ৪০ মিটার (নয় হাজার ৩শ’ ১৮ ফুট) উচ্চতায় ছিলেন। এলাকাটি আর্জেন্টিনার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সান জুয়ানে পড়েছে।
“এটি একটি অলৌকিক ঘটনা। আমরা এটি বিশ্বাসই করতে পারছি না,” বলেছেন সান জুয়ানের গভর্নর জোসে লুইস গিওজা।
“আমরা তাকে তার স্ত্রী, মা ও কন্যার সঙ্গে কথা বলিয়েছি। সে একজন বিশ্বাসী কিনা জিজ্ঞেস করেছি আমি। উত্তরে সে বলেনা, ‘ছিলাম না, তবে এখন বিশ্বাসী।’”
চিনি, শুকনো আঙুর, ইঁদুর ও পর্বতের গুহার আশ্রয় তাকে পর্বতের কঠিন শীতের মধ্যেও বাঁচিয়ে রেখেছে। বিরুপ এই সময়টিতে তার ২০ কিলো ওজন কমে গেছে। পানি শূন্যতায়ও ভুগছিলেন তিনি।
হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। শিগগিরই তিনি সুস্থ্য হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, ১৯৭২ সালে চিলি যাওয়ার পথে উরুগুয়ের রাগবি দলের সদস্যদের বহনকারী বিমান আন্দিজে বিধ্বস্ত হয়। দুর্ঘটনা থেকে যারা বেঁচে গিয়েছিলেন তারা মৃত সঙ্গীদের মাংস খেয়ে দিন পার করেছিলেন।
