আফগানিস্তানে ফের নেটো হামলায় বেসামরিক মৃত্যু
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে নেটো বাহিনীর হামলায় নারী ও শিশু মিলিয়ে ৮ বেসামরিক নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে নেটো বাহিনীর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্যে তাদের চালানো হামলায় ১০ জঙ্গি মারা পড়েছে। বেসামরিক নাগরিক নিহতের কোনো খবর তারা পায়নি।
আফগানিস্তানে নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর(আইএসএএফ)মুখপাত্র বলেছেন, “আমরা নিশ্চিত করেই বলতে পারি যে, কুনারের ওয়াতাপুরে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে শত্রুপক্ষের ১০ জনকে হত্যা করতে সক্ষম হয়েছি”।
কিন্তু কনারের পুলিশ প্রধান আব্দুল হাবিব সৈয়দ খিল এবং প্রাদেশিক গভর্নর সুজা উল মুলক জালালা বলেছেন, হামলায় বেসামরিক নাগরিক মারা গেছে।
নেটো হামলায় বেসামরিক আফগান হতাহতের ঘটনাটি আফগানিস্তান সরকার এবং নেটো বাহিনীর মধ্যে অনেকদিন থেকেই উত্তেজনার অন্যতম কারণ হয়ে আছে।
গত ফেব্রুয়ারিতে কুনার প্রদেশে রাতে নেটো হামলায় ১০ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই জঙ্গি বিরোধী অভিযানে বিদেশি বাহিনীর বিমান হামলার সহায়তা নেয়া আফগান সেনাদের জন্য নিষিদ্ধ করেন।
কিন্তু প্রায় ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। ফলে নেটো হামলায় আফগান হতাহতের ঘটনাও ঘটে চলেছে।
২০১৪ সালের শেষেই আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে নেটো সেনাদের। তারা এরই মধ্যে আফগানিস্তানের নিরাপত্তাভার আফগান সেনাদের কাছে হস্তান্তর করতে শুরুও করেছে।
কিন্তু আফগান বিমান বাহিনী এখনো তেমন শক্তিশালী না হওয়ায় তাদের নেটোর বিমান সহায়তা প্রয়োজন পড়ছে। বিশেষত দুর্গম এবং পার্বত্যাঞ্চলের জঙ্গি ঘাঁটিগুলোতে অভিযান চালানোর জন্য এ সহায়তা প্রয়োজন হচ্ছে।
