২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলার সিদ্ধান্তে সমর্থন বাড়ছে : কেরি

বেশ কয়েকটি দেশ সিরিয়ায় সামরিক অভিযান চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সমর্থনকারী দেশের সংখ্যা দশকের ঘরে পৌঁছেছে বলে দাবী করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

চারদিনের এক ইউরোপ সফরে শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কেরি এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ত ফ্যাবিয়ার সঙ্গে বৈঠকের পর কেরি ও ফ্যাবিয়া সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন।

এ সময় কেরি বলেন, “হত্যাকারীদের বিরুদ্ধে বিশ্ব নিরব দর্শকের ভূমিকা পালন করবে না।”

সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ‘মিউনিখ মোমেন্ট’এর সঙ্গে তুলনা করে কেরি বলেন, “১৯৩০ এর দশকে এ রকম পরিস্থিতিতেই আন্তর্জাতিক সম্প্রদায় জার্মানির নাৎসি বাহিনীকে রুখতে ব্যর্থ হয়েছিলো।”

“যুক্তরাষ্ট্র এবং বন্ধু ফ্রান্স জানে যে, হত্যাকারীদের বিরুদ্ধে নিরব দর্শকের ভূমিকা পালনের সময় এটা না,” বলেন তিনি।

“এখনই সময় বাশার আল আসাদের মতো স্বৈরাশাসকদের বিরুদ্ধে সীমিত কিন্তু পরিষ্কার এবং কার্যকর পদক্ষেপ নেয়ার। বেশ কিছু দেশ যাদের সংখ্যাটা দশকের ঘরে তারা সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য প্রস্তুত,” বলেন কেরি।

গত ২১ অগাস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকন্ঠে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় ১ হাজার ৪শ’ ২৯ জন নিহত হয়েছে বলে মার্কিন সরকার অভিযোগ করেছে। যদিও এ হামলার জন্য প্রেসিডেন্ট আসাদ ও বিদ্রোহীরা একে অপরকে দায়ী করে আসছে।

সম্প্রতি রাশিয়ার অনুষ্ঠিত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর জোট ‘জি-২০’ সম্মেলনে সিরিয়ায় অভিযানের ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। রাশিয়ার ধারণা সিরিয়ার বিদ্রোহীরাই গ্যাস হামলা চালিয়েছে।


এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গ্যাস হামলার ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সিরিয়ায় কোনো ধরণের অভিযান চালানো উচিত হবে না বলে মতামত প্রকাশ করেছেন।

আগামী সপ্তাহের শেষ নাগাদ জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন সিরিয়া হামলা চালানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ।

প্যারিসে আরব লিগের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর। এরপর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাৎ করতে কেরির লন্ডন যাওয়ার কথা রয়েছে।