৭ তালেবান সদস্যকে মুক্তি দিল পাকিস্তান
প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বন্দি একদল আফগান তালেবান সদস্যকে মুক্তি দিয়েছে পাকিস্তান।
কিন্তু মুক্ত তালেবান সদস্যদের সরাসরি কাবুলের হাতে তুলে না দেয়ায় আফগানিস্তানকে ক্ষেপিয়ে তোলারও উপলক্ষ তৈরি হয়েছে।
অগাস্টে পাকিস্তান সফর করেছিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওই সময় স্থবির হয়ে পড়া শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে আফগান বিদ্রোহীদের হস্তান্তর করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
কারজাই ছাড়া যুক্তরাষ্ট্রও চাচ্ছিল বিদ্রোহীদের সরাসরি আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দিক পাকিস্তান। কিন্তু তা না করে সাত তালেবান বিদ্রোহীকে পাকিস্তানের জেল থেকে চলে যেতে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এ বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানের শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে পাকিস্তান সাত তালেবান জঙ্গিকে মুক্তি দিচ্ছে।”
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পৃথকভাবে জানিয়েছেন, তালেবানের শীর্ষ কমান্ডার মানসুর দাদউল্লাসহ সাতজনকেই শনিবার ছেড়ে দেয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তদের আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে না তাদের শুধু ছেড়ে দেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, “শুধু ছেড়ে দেয়া হয়েছে।”
মুক্তি পাওয়া অন্যান্য বন্দিরা হলেন সাইদ ওয়ালি, আব্দুল মান্নান, করিম আগা, শের আফজাল, গুল মুহম্মদ এবং মুহম্মদ জাই।
২০০৭ সালের মে মাসে অপহৃত ইতালিয়ান সাংবাদিক দানিয়েল মাস্ত্রজিয়াকোমোর মুক্তির বিনিময়ে যে পাঁচজন তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল তাদের অন্যমত ছিলেন দাদউল্লাহ।
বলা হয়, ১৯৯০ দশকের মাঝামাঝি তালেবানদের আফগানিস্তানের ক্ষমতায় বসতে সহায়তা করেছিল পাকিস্তান। ২০০১ সালে মার্কিন অভিযানে ক্ষমতা হারিয়ে তালেবান নেতারা প্রতিবেশি পাকিস্তানে পালিয়ে যায়।
তারপর থেকে আফগান বিদ্রোহী নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের যোগাযোগে পাকিস্তানকেই প্রধান দ্বাররক্ষক বলে বিবেচনা করা হয়।
কিন্তু তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে ১২ বছর ধরে চলা যুদ্ধে পাকিস্তান ‘ডাবল গেম’ খেলছে বলে আফগান কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে।
