শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে অভিযোগ
শ্রীলঙ্কার যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শনকালে তার সঙ্গে দেখা করতে আসা লোকজন পুলিশ ও সেনা সদস্যদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ এক কর্মকর্তা।
আর এজন্য শ্রীলঙ্কা সরকারের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
সরকার ও বিদ্রোহী তামিলদের মধ্যে দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের পর দেশটির অগ্রগতি পর্যবেক্ষণ করতে মার্চে জাতিসংঘের কর্মকর্তা নাভি পিল্লাই সাতদিনের সফরে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের জাফনা, কিলিনোচ্চি, মুল্লাইতিভু এবং পূর্বাঞ্চলের জেলা ত্রিনকোমেলা যান।
তিনি কলম্বোতে নেতাদের সঙ্গেও সাক্ষাত করেন। তার এই সফর নিয়ে পক্ষ-বিপক্ষ উভয় দলই বিক্ষোভ প্রদর্শন করেছে।
শনিবার তিনি বলেন, তিনি জানতে পেরেছেন ওই সাত দিনে তিনি যাদের সঙ্গে দেখা করেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা ও ভয়-ভীতি দেখানো হয়েছে।
তবে শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র কেকেলিয়া রামবুওয়েলা বলেন, কোনো প্রমাণ ছাড়া শুধু লোকজনের অভিযোগের ওপর ভিত্তি করে পিল্লাইয়ের কোনো মন্তব্য করা উচিত হয়নি।
“যদি এটা হতো তবে অবশ্যই থানায় এ ব্যাপারে অভিযোগ আসতো। আর তাহলে তদন্ত করা সম্ভব হতো।“
থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ কেউ করেনি বলে উল্লেখ করেন রামবুওয়েলা।
“হেনেস্তার বিষয়ে কোনা প্রমাণ আমরা পাইনি। কয়েকজন লোক শুধু তাকে বলেছেন এবং তিনি তার ওপর ভিত্তি করেই মন্তব্য করে বসেছেন।“
ভারতের তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার নাগরিক পিল্লাই বলেন, “যুদ্ধ শেষ হওয়ার চার বছর পেরিয়ে গেলেও সেখানকার জনগণকে এখনো ভুগতে হচ্ছে। সেখানে গেলেই বোঝা যায় সরকার দিনে দিনে আরো স্বৈরাচারী হয়ে উঠছে।“
উত্তরে শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, কর্তৃপক্ষ তাকে যেরকম আদেশ দিয়েছে তিনি সেরকম আচরণই করেছেন।
পিল্লাইয়ের এই ভ্রমণের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র।
যুদ্ধের সময় বিশেষ করে শেষ দিকে কি পরিমাণ হত্যা ও গুমের ঘটনা ঘটেছিল তার বিশ্বাসযোগ্য তদন্ত করতে মার্চে শ্রীলঙ্কা সরকারকে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ।
নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বুধবার বলেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের সঙ্গে যারা সাক্ষাত করেছেন তারা নিরাপত্তা বাহিনীর হেনস্থার শিকার হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে শ্রীলঙ্কা সরকারের উচিত যত দ্রুত সম্ভব তা খতিয়ে দেখা।
যদিও রামবুওয়েলা বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, “আমরা হিউম্যান রাইটস ওয়াচের বিষয়টি তেমন গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। কারণ তারা শুধুই নামসর্বস্ব।“
