২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমায় রেকর্ড মাত্রার তেজস্ক্রিয়তা

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় দূষিত পানির স্টোরেজ ট্যাংকের আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা এক পঞ্চমাংশেরও বেশি বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Sep 2013, 05:37 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মাটিতে তেজস্ক্রিয় দূষণের মাত্রা দাঁড়িয়েছে ২, ২০০ মিলিসিভার্টস। গত শনিবার এ মাত্রা ছিল ১,৮০০ মিলিসিভার্টস।

ফুকুশিমা কেন্দ্র পরিচালনা কোম্পানি এবং জাপানের ‘দ্য নিউক্লিয়ার রেগুলেশন অথোরিটি’ (এনআরএ) বুধবার একথা জানিয়েছে।

গত মাসে ফুকুশিমা কেন্দ্র পরিচালনাকারী ‘টোকিও ইলেকট্রিক পাওয়া কোম্পানি’ (টেপকো) জানিয়েছিল একটি স্টোরেজ ট্যাংকের ছিদ্র দিয়ে মারাত্মক তেজস্ক্রিয় দূষিত পানি বের হয়ে আসছে।

ওই ছিদ্র ছাড়াও কয়েকটি ট্যাংকে আরো ছিদ্রের খোঁজ পাওয়া গেছে।

২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা কেন্দ্রের দায়িচি প্ল্যান্টের তিনটি চুল্লি থেকে বেরিয়ে আসা তেজস্ক্রিয় দূষিত পানি ধরে রাখতে তড়িঘড়ি করে নির্মাণ করা হয় শত শত ট্যাংক। নির্মিত এ ট্যাংকগুলোকে ঘিরেই তিনটি জায়গায় ছড়িয়ে পড়েছে তেজস্ক্রিয়তা।

১,৮০০ কিংবা ২,২০০ মিলিসিভার্টস যে কোনো মাত্রার তেজস্ক্রিয় দূষণেই কোনো সুরক্ষা ব্যবস্থা না নিলে কয়েক ঘন্টার মধ্যে মারা পড়তে পারে মানুষ।

ট্যাংকের ফাটল দিয়ে দূষিত পানি বেরিয়ে আসা এবং তেজস্ক্রিয়তার মাত্রা বাড়তে থাকায় এরই মধ্যে বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে। জাপান সরকার ফুকুশিমা কেন্দ্র মেরামতে প্রায় ৫০ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বুধবার টোকিওয় সাংবাদিকদের বলেছেন, সরকার ২০২০ সালের অলিম্পিক গেমসের আগেই বিষয়টি সুরাহা করার যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালাতে ইচ্ছুক।