২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া অভিযানে সমর্থন আদায়ে তৎপর ওবামা

সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার জন্য সমর্থন আদায়ে তৎপর হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Sep 2013, 11:02 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

খুব শিগগিরিই সিরিয়ার সামরিক হামলার অনুমতি দিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন তিনি।
দ্রুত সিদ্ধান্ত আদায়ে ওবামা হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

সিরিয়া অভিযান ইরাক কিংবা আফগানিস্তানের মতো আরেকটি দীর্ঘ যুদ্ধে রূপ নেবে না বলে নেতাদেরকে অভয়ও দিয়েছেন ওবামা।

সিরিয়ায় চলমান সংঘাতের কারণে ২০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে এবং এ সঙ্কট ভিয়েতনাম যুদ্ধের পর বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে বলে জাতিসংঘ মঙ্গলবার সতর্ক করেছে।

এর প্রায় সঙ্গে সঙ্গেই সিরিয়া ইস্যু নিয়ে তৎপরতা শুরু করলেন ওবামা।

গ্রীষ্মকালীন অবকাশের পর ৯ সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে সিরিয়ার বিষয়টি নিয়ে ভোটাভুটি এবং বিতর্ক হবে।

ওবামা ওই ভোটাভুটিতে সিরিয়ায় হামলার অনুমোদন পাওয়ার ব্যাপারে এখনো আস্থাশীল।

হামলার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, রাসায়নিক অস্ত্র হামলা চালানোর শাস্তি হিসাবে সিরিয়ায় সামরিক হামলা আসাদ বাহিনীকে দুর্বল করে দেবে। আর যুক্তরাষ্ট্রের অন্যান্য আরো কিছু পদক্ষেপ আসাদ-বিরোধীদেরকে শক্তি যোগাবে।

যুক্তরাষ্ট্র সিরিয়ায় শাসনক্ষমতার পরিবর্তন ঘটিয়ে সেখানকার গৃহযুদ্ধ অবসানের চেষ্টায় নেই বলে জোর দিয়েই জানিয়েছে হোয়াইট হাউস।

ওবামা বলেছেন, “আমরা খুব সীমিত কোনো ব্যবস্থার কথাই ভাবছি। এটি হবে অনেকটা আনুপাতিক। এতে আসাদের সক্ষমতা কমবে। একইসঙ্গে আসাদবিরোধীদের সক্ষমতা বাড়ানোর বৃহত্তর কৌশল আমাদের হাতে থাকবে”।