গোয়েন্দাগিরির তদন্ত দাবি মেক্সিকো-ব্রাজিলের
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির নতুন তথ্য ফাঁসের পর মেক্সিকো ও ব্রাজিল তাদের নিজ নিজ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে।
দেশ দু’টির প্রেসিডেন্টদের ওপর কেন নজরদারি করা হয়েছে তা জানতে চেয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করা হয়েছে রাষ্ট্রদূতদের কাছে।
মেক্সিকোয় গত বছর নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদপ্রার্থী পেনা নেইতোর ই-মেইল পড়ার ঘটনায় কে দায়ী তা চিহ্নিত করতে তদন্ত চেয়েছে দেশটির সরকার।
ওদিকে, ব্রাজিলও এ সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুপ্তচরবৃত্তির ঘটনার লিখিত ব্যখ্যা চেয়েছে।
বিবিসি’র নিউজআওয়ার প্রোগ্রামে ব্রাজিলের সিনেটর এদুয়ার্দো সাপ্লিসি বলেছেন, “ব্রাজিলীয়রা কি করছে তার ওপর নজর রাখার জন্য কোনো মার্কিন সংস্থা বা মার্কিন সরকারের ভাড়া করা কেউ নিয়োজিত থাকতে পারে না”।
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এনএসএ’র গুপ্তচরবৃত্তির ঘটনা ফাঁস করে দেয়ার পর গত রোববার সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড ব্রাজিলের গ্লোবো টিভির এক অনুষ্ঠানে ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্টদের ওপরও যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির কথা তুলে ধরেন।
এরপরই এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এ পদক্ষেপ নিল দেশ দুটি।
