আইনি হুমকির মুখে ব্রাদারহুড
মুসলিম ব্রাদারহুড সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করতে সোমবার একটি জুডিশিয়াল প্যানেল গঠন করেছে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থনে গড়ে ওঠা আন্দোলন গুঁড়িয়ে দিতেই উদ্যাগটি নেয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
মিশরের সবচেয়ে পুরনো রাজনৈতিক সংগঠন ব্রাদারহুড গত মার্চে সংগঠনের আইনি বৈধতা নিশ্চিত করতে একটি বেসরকারি সংস্থা (এনজিও) হিসেবে নিবন্ধিত হয়।
এনজিও হিসেবে সংগঠনটির নিবন্ধন বাতিল করতে আদালতের কাছে আর্জি জানিয়েছে নবগঠিত জুডিশিয়াল প্যানেল। এই নিবন্ধন বাতিল হলে এনজিও হিসেবে আইনি সুরক্ষা পাবে না ব্রাদারহুড। তাতে সংগঠনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
ব্রাদারহুডসমর্থিত মুরসি সরকার সংগঠনটিকে আইনি বৈধতা দেয়ায় এর এনজিও রেজিস্ট্রেশন অবৈধ হয়ে গেছে বলে দাবি করে আসছিলো ব্রাদারহুডবিরোধীরা। তারা নবগঠিত একই জুডিশিয়াল প্যানেলকে সমর্থন দিয়েছে।
আনুষ্ঠানিকভাবে ব্রাদারহুডের রাজনৈতিক কার্যক্রম এর রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির নামেই পরিচালিত হয়। এ পর্যন্ত ব্রাদারহুডকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কিন্তু আইনি পথে ব্রাদারহুডের মোকাবিলয়া বাধা হয়ে দাঁড়িয়েছিল বেসরকারি সংগঠন হিসেবে এর নিবন্ধন।
১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুডের ৮৪ বছরের ইতিহাসে ৫৫ বছরই সংগঠনটি নিষিদ্ধ ছিল। তাই আন্ডারগ্রাউন্ড সংগঠন হিসেবে সাংগাঠনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের।
৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সংগঠনটির ৯শ’রও বেশি সমর্থক নিহত হয়েছেন। সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেয়ার জন্য ব্রাদারহুডকে অভিযুক্ত করে এর নেতাদের গ্রেপ্তার করেছে সরকার।
হত্যা ও সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত নেতাদের বিচার শুরু হচ্ছে। এমন এক অবস্থায় রাজধানী কায়রোর একটি থানায় সোমবার বোমা হামলা চালানো হয়েছে।
কায়রোর কেন্দ্রীয় অঞ্চলে শ্রমজীবীদের একটি আবাসিক এলাকায় অবস্থিত ওই থানাটিতে ঘরে তৈরি একটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে দুজন শ্রমজীবী মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। একটি মোটরসাইকেলে চড়ে তিন লোক এসে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়।
এদিকে, শনিবার সুয়েজ খালে একটি কন্টেইনারবাহী জাহাজ লক্ষ করে মেশিনগান থেকে গুলি বর্ষণের দায়ে রোববার তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে একটি সেনা সূত্র। এই হামলায় রকেট চালিত গ্রেনেডও ব্যবহার করা হয়েছে বলে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে।
