২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া অভিযান: মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগ

প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া হামলায় অনুমোদন দেয়ার জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করছেন। কিন্তু সিরিয়া আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় যুক্তরাষ্ট্র নতুনভাবে জড়িয়ে পড়বে আশঙ্কায় উদ্বিগ্ন বোধ করছেন খোদ ডেমক্রেটিক পার্টির কংগ্রেস সদস্যরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Sep 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রেসিডেন্ট ওবামার শীর্ষ উপদেষ্টাদের এক বৈঠকে ডেমক্রেট দলীয় সদস্যরা তাদের এ মনোভাব জানান।

সিরিয়ার রাজধানী দামেস্কের প্রান্তে রাসায়নিক হামলা চালিয়ে ১ হাজার ৪শ’ ২৯ জন বেসামরিক নাগরিককে হত্যার প্রতিক্রিয়ায় সিরিয়া সরকারকে দায়ী করে দেশটিতে অভিযান চালাতে চান প্রেসিডেন্ট ওবামা। তাই নিয়েই হোয়াইট হাউসের ওই বৈঠক।

কিন্তু ওবামার উদ্দেশ্যের পথে সবচেয়ে বড় বাধা কংগ্রেসের প্রতিনিধি পরিষদে তার নিজ দলীয় সদস্যরা। দূরবর্তী একটি দেশের গৃহযুদ্ধে জড়িয়ে পড়াকে এই মুহূর্তে খুব দরকারী বলে ভাবছেন না রক্ষণশীল রিপাবলিকান দলেরও কিছু প্রতিনিধি।

“এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে,” বলেন বৈঠকে অংশগ্রহণকারী ডেমক্রেট দলীয় প্রতিনিধি জিম মোরান।

ডেমক্রেট দলীয় জ্যেষ্ঠ প্রতিনিধি ক্রিস ভ্যান হলেনও হামলা পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। পরিকল্পনায় লড়াইয়ের জড়িয়ে পড়ার বিষয়টি থাকলেও কিভাবে তা শেষ হবে তার কোনো সুনির্দিষ্ট ছক নেই বলে আপত্তি তুলেছেন তিনি।

তিনি বলেন, “লড়াইয়ের ময়দানে যুক্তরাষ্ট্রের সেনাদের নামানো হবে কিনা সে বিষয়ে কিছু বলা নেই। কিভাবে শেষ হবে তাও বলা নেই। প্রশাসন যে খসড়া পরিকল্পনা তৈরি করেছে তা বেশ বিস্তৃত, এটি অনেকটা নির্বাহীদের হাতে ব্লাংক চেক তুলে দেয়ার মতো।”

এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধিদের উদ্বেগ নিরসনে খসড়া পরিকল্পনায় সেনা নামানোর বিষয়টি পরিষ্কার করা হবে।

সিরিয়ায় হামলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়ার পেছনে ইরাক ও আফগান যুদ্ধের অভিজ্ঞতার ভূমিকা আছে। ওই দুটি যুদ্ধের জন্য যে সময় ও যে আর্থিক ব্যয় হিসাব করা হয়েছিল, তা পরবর্তীতে অনেকদূর ছাড়িয়ে গিয়েছিল।

এছাড়া সিরিয়ার যুদ্ধে জড়ানোর বিরোধী মার্কিন নাগরিকদের কারণেও অস্বস্তিবোধ করছেন কংগ্রেস সদস্যরা।

এ বিষয়ে মোরান বলেন, “আমরা ধরণা এ বিষয়ে আগামীকাল ভোট নেয়া হলে প্রেসিডেন্ট হেরে যাবেন, অথবা পরিকল্পনা এমনভাবে কাটছাঁট করা হবে তাতে হামলা চালানোর চেয়ে না চালানোই ভালো হবে।”

মধ্যপ্রাচ্যে নতুন কোনো বিরোধে জড়িয়ে পড়ার বিরোধিতা করছেন প্রতিনিধি পরিষদের উদারপন্থী ডেমক্রেট ও রক্ষণশীল ‘টি পার্টি’ রিপাবলিকান সদস্যরা।

তবে জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহামের মতো ঐতিহ্যগত রিপাবলিকানরা সিরিয়ায় হামলার পক্ষে। এ ধরনের রিপাবলিকানরা যখনই দরকার মনে হবে তখনই বাইরের কোনো দেশে আক্রমণের পক্ষপাতী। তারা শুধু আসাদকে শাস্তি দিয়েই ক্ষান্ত হতে চান না, তারা আসাদবিরোধী বিদ্রোহীদেরও শক্তিশালী করতে চান।