অভ্যুত্থান ষড়যন্ত্র: তুরস্কে জেনারেলদের বিচার শুরু
তুরস্কে ইসলামপন্থি সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে দেশটির এক সাবেক সেনাপ্রধানসহ শতাধিক জনের বিচার শুরু হয়েছে।
১৯৯৭ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নেকমেত্তিন আরবাকান সরকারকে উৎখাত করা হয়েছিল।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেনারেল ইসমাইল হাককি কারাদাইসহ (চীফ অব জেনারেল স্টাফ ১৯৯৪-৯৮) সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১০৩ জন জেনারেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সরকারি কৌঁসুলিরা কারাদাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন।
১৯৬০, ১৯৭১ এবং ১৯৮০ সালে তুরস্কে সরকার উৎখাত করে সেনাবাহিনী।
২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক মামলা শুরু করেছে। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ বর্তমান ও সাবেক শত শত সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে।
এরদোয়ন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাজবুগকে গত মাসে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
