২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের বিরুদ্ধে নতুন অভিযোগ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে খুনের নতুন অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 06:40 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

সম্প্রতি গৃহবন্দি হয়ে থাকা মুশাররফের বিরুদ্ধে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভু্ট্টো এবং এক বেলুচ আদিবাসী নেতা হত্যার অভিযোগ রয়েছে।

এছাড়া, ২০০৭ সালে বিচারকদের বরখাস্ত করার চেষ্টাসহ দেশদ্রোহেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এবার মুশাররফের বিরুদ্ধে মৌলবাদী ধর্মগুরু আব্দুল রশিদ গাজি হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০০৭ সালে ইসলামাবাদে লাল মসজিদ অবরোধ কর্মসূচি চলাকালে গাজি নিহত হন।

পাকিস্তানি সেনারা অভিযান চালিয়ে মসজিদটিতে কট্টর ইসলামপন্থিদের অবরোধ ভাঙতে গেলে আরো শতাধিক মানুষ নিহত হয়।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান সরকারের লাল মসজিদ অভিযান কট্টরপন্থিদেরকে ক্ষুব্ধ করেছে। এতে করে সরকার ও নিরাপত্তা বাহিনীর ওপর বেড়েছে তালেবান হামলাও।

লাল মসজিদ অভিযানে নিহত রশিদ গাজীর ছেলের আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট মুশাররফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন গাজীর আইনজীবী তারিক আসাদ।

এর আগে গত মাসে বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন মুশাররফ।

পাকিস্তানে অপরাধের অভিযোগে সাবেক সেনা প্রধান অভিযুক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। তাবে মুশাররফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন।