সিরিয়ায় হামলা হলে ‘লাভবান হবে আল কায়েদা’
সিরিয়ায় যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে তাতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও এর শাখা সংগঠনগুলোই লাভবান হবে বলে সতর্ক করেছে দামেস্ক।
সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বিবিসি’কে এ সতর্কবার্তা দিয়ে এও বলেছেন যে, সিরীয় সেনারা নয়, যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোই রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে।
দামেস্কয় বিবিসি’র সংবাদদাতাকে মেকদাদ বলেন, সিরিয়ার বিরুদ্ধে যে কোনো হামলা আল কায়েদা ও এর শাখা সংগঠনগুলোর জন্য সহায়ক হবে। লাভবান হবে সিরিয়া এবং ইরাকের ‘জাবাত আল-নুসরা’ কিংবা ‘স্টেট অব ইসলাম’ এর মতো সংগঠনগুলো।
আল কায়েদা সংশ্লিষ্ট ‘জাবাত আল নুসরা’ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা পালন করছে।
মেকদাদ হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এ অঞ্চলে ‘যুক্তরাষ্ট্রের প্রতি বিদ্বেষ বাড়াবে’ এবং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার জন্য কংগ্রেসের অনুমতি চাওয়ার সিদ্ধান্ত নেয়ায় এটিই প্রতীয়মাণ হয় যে, তিনি যুদ্ধের সব পরিণতি নিয়ে ভাবেননি।
ওবামার ওই সিদ্ধান্তের কারণে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়টি আপাতত ঝুলে আছে। ৯ সেপ্টেম্বরে কংগ্রেসের অধিবেশন শুরুর আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না যুক্তরাষ্ট্র।
সিরিয়া এরই মধ্যে কোনোরকম আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে।
সিরিয়ার সানা বার্তা সংস্থা সোমবার জানায়, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট মারিয়া ক্রিস্টিনা পার্সিভালের কাছে লেখা এক চিঠিতে এ আবেদন জানান জাতিসংঘের সিরীয় রাষ্ট্রদূত বাশার জাফারি।
চিঠিতে মহাসচিব বান কি-মুনকে সিরিয়ায় যে কোনো আগ্রাসন ঠেকানোর দায়িত্ব নেয়ার আহ্বান জানানোর পাশাপাশি সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানে পৌঁছার চেষ্টা নেয়ার অনুরোধ জানান তিনি।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রকেও বিশ্বে শান্তি রক্ষাকারীর ভূমিকা পালন করে যাওয়ার আহ্বান জানান জাফারি।
