২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন সেনা ঘাঁটিতে তালেবান হামলা

আফগানিস্তানের নানগারহার প্রদেশের পাকিস্তান সীমান্তের কাছে মার্কিন এক সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানের একটি আত্মঘাতী দল। এতে শুরু হওয়া লড়াই শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন।

নানগারহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমেদ জিয়া আব্দুলজাই জানিয়েছেন, সোমবার সকালে তোরখাম এলাকায় ওই ঘঁটিতে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা হামলা শুরু করে।

তিনি জানান, হামলার শুরুতে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

এক ইমেইল বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, “মার্কিনিদের ব্যবহৃত একটি গাড়ি রাখার স্থানে বড় বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে বড় ধরনের এ হামলা শুরু করা হয়েছে। আমাদের অনেক বীরেরা সেখানে লড়াই করছে।”

ন্যাটো জানিয়েছে, এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে তাদের কাছে কোনো তথ্য নেই।

তবে আব্দুলজাই জানিয়েছেন, মার্কিন ও আফগান বাহিনী যৌথভাবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং ঘাঁটিটির ওপর দিয়ে ন্যাটো হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

এই হামলার ঘটনায় জালালাবাদ শহরের সঙ্গে তোরখামকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। মহাসড়কটি ন্যাটোর রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ।

এর আগে রোববার সকালে পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে থেকে মারাত্মভাবে প্রহৃত, গুলিতে ঝাঁঝরা সাত আফগান সেনার লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সবার হাত শরীরের পেছনে চেন দিয়ে বাঁধা ছিল। বিদ্রোহীরা তাদের হত্যা করেছে বলে সন্দেহ কর্তৃপক্ষের।