‘পুরুষের উচ্চতা বেড়েছে’
১৮৭০ সাল থেকে পরবর্তী একশ’ বছরে ইউরোপীয় পুরুষের গড় উচ্চতা প্রায় ১১ সেন্টিমিটার বেড়েছে। এটি এ অঞ্চলের স্বাস্থ্যগত উন্নতির প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন অক্সফোর্ড ইকোনোমিক পেপার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
গবেষণায় ইউরোপের ১৫টি দেশের কয়েক লাখ পুরুষের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে উচ্চতা বৃদ্ধির বিষয়টি লক্ষ করা গেছে।
১৮৭১-৭৫ সময়ে ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণদের গড় উচ্চতা ছিল ১৬৭ দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। একশ’ বছর পর ১৯৭১-৭৫ সময়ে একই বয়সী ব্রিটিশ তরুণদের গড় উচ্চতা বেড়ে ১৭৭ দশমিক তিন সাত সেন্টিমিটারে (৫ ফুট ১০ ইঞ্চি) দাঁড়িয়েছে। এক্ষেত্রে একশ’ বছরে গড় উচ্চতা বেড়েছে ১০ দশমিক ৩২ সেন্টিমিটার।
গবেষণায় সাধারণ ধারণার বিপরীত পরিসংখ্যানও মিলেছে। দেখা গেছে, যুদ্ধ ও অর্থনৈতিক মন্দাবস্থার সময়ই পুরুষের উচ্চতা সবচেয়ে বেশি বেড়েছে। এটি প্রচলিত ধারণার বিপরীত চিত্র।
সাধারণ ধারণায়, যুদ্ধ ও অর্থনৈতিক মন্দাবস্থার সময় দারিদ্র, খাবারের অভাব ও যুদ্ধের কঠিন সময়ের চাপে মানুষের উচ্চতা বৃদ্ধির বিষয়টি ধীরগতির হওয়ার কথা, কিন্ত হয়েছে তার উল্টো। বিংশ শতকের দুটি বিশ্বযুদ্ধ ও এর মাঝের বিরাট মন্দার সময়ই পুরুষের উচ্চতা বেড়েছে সবচেয়ে বেশি।
এর ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলেছেন, কঠিন পরিস্থিতির কারণে এই সময়গুলোতে লোকজন কম সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই খাবারে ভাগ বসানোর মানুষও কমে গেছে, যা একটি কারণ। এছাড়া পুরুষরা যুদ্ধ করতে চলে যাওয়ায় নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে এসেছে যা তাদের আয় বৃদ্ধি করেছে।
এতে পরিবারের সামগ্রিক আয় বৃদ্ধির ফলে জীবনমান বৃদ্ধি পেয়েছে। এছাড়া সরকার থেকে দেয়া রেশন খাবারের পুষ্টিমান বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সর্বোপরি এ সময়ে স্বাস্থ্যকর পায়খানার ব্যবহার এবং স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে উন্নত পড়াশোনা সুযোগে আগের তুলনায় স্বাস্থ্য সচেতনতা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল।
এ সবকিছু মিলেই উচ্চতা বৃদ্ধিতে নাটকীয় ভূমিকা রেখেছে বলে মনে করেন এসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গবেষক টিম হাটন।
এই গবেষণায় ইউরোপীয় দেশগুলোর প্রধানত সেনাবাহিনীর সংরক্ষিত তথ্য এবং ১৮৭০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত জনসংখ্যা জরিপে প্রাপ্ত তথ্য ব্যবহার করা হয়েছে।
নারীদের বিষয়ে ঐতিহাসিক তথ্য অপ্রতুল হওয়ায় গবেষণাটিতে নারীদের বিষয়ে আলোকপাত করা যায়নি।
