২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে একাকী যুদ্ধে যাবে না ফ্রান্স

যুক্তরাষ্ট্র সিরিয়ায় চূড়ান্ত হামলা চালানোর ব্যাপারে কালক্ষেপনের আভাস দেয়ায় ফ্রান্স একাই অভিযান চালানোর যে ইঙ্গিত দিয়েছিল সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 06:49 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার প্রস্তাব দিলেও পার্লামেন্টের ভোটে তা নাকচ হয়ে যায়।

যুক্তরাজ্য না আসলেও প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে একাই লড়বেন বলে তখন জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ।

বুধবারের মধ্যেই দেশটিতে হামলা চালানো সম্ভব বলেও মন্তব্য করেছিলেন তিনি।

রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়াল ভেল বলেন, “ফ্রান্স যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে যার জন্য আরো ১০ দিন সময় লাগতে পারে। আমরা একাকি যুদ্ধে যাব না। এ ধরনের কাজে আমাদের জোটবদ্ধ হওয়া প্রয়োজন।”

শনিবার ওবামা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধে যাওয়া যুক্তিযুক্ত হলেও এরজন্য তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মতামত চাইবেন।

এর অর্থ হচ্ছে আগামী ৯ এপ্রিল কংগ্রেসের বৈঠক শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

রয়টার্স জানায়, ম্যানুয়েল ইউরোপ ওয়ান রেডিওকে বলেছেন, ওবামার বক্তব্যে একটা নতুন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার অর্থ দাঁড়াচ্ছে ফ্রান্সকে এই পরিস্থিতি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে রোববার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামাকে আসাদের বিরুদ্ধে যুদ্ধ চলানোর অনুমোদন দিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি অনুরোধ জানিয়েছে আসাদবিরোধী জোট।

আসাদবিরোধী ওই জোটের এক মুখপাত্র বলেন, “সিরিয়ার জনগণের ওপর স্বৈরশাসক আসাদের রাসায়নিক অস্ত্রের হামলা মুক্ত বিশ্ব কিভাবে নিচ্ছে তা প্রত্যক্ষ করছে ইরান ও উত্তর কোরিয়ার মতো এক নায়ক রাষ্ট্রগুলো। মুক্ত বিশ্ব যদি এই ধরনের আন্তর্জাতিক নীতি লংঘনের বিরুদ্ধে সোচ্চার না হয় তবে এধরনের কাজ এক নায়কদের উৎসাহিত করবে।”