২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থেমে গেল ডেভিড ফ্রস্টের কণ্ঠ

কণ্ঠ ও বুদ্ধির জাদুতে দীর্ঘকাল শ্রোতাদের মোহিত করে রাখা ডেভিড ফ্রস্ট আর নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 06:18 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

৭৪ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছেন এই সাংবাদিক, যিনি ওয়াটার গেট কেলেঙ্কারির মুখে পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ধারাবাহিক সাক্ষাৎকার নিয়ে ব্যাপকভাবে সাড়া ফেলেছিলেন।

শনিবার রাতে কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফ্রস্ট, কর্মজীবনে বিবিসি ও আল জাজিরায় সম্প্রচারিত যার কণ্ঠ মোহাবিষ্ট করে রাখত শ্রোতাদের।

ফ্রস্টের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রমোদতরী ‘কুইন এলিজাবেথ’ এ বক্তব্য দেয়ার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন স্যার ডেভিড।

এই মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।“ডেভিড ছিলেন বন্ধুর মতো আর একইসঙ্গে সাক্ষাৎকার নিয়ে ভয়ও পাইয়ে দিতে পারতেন তিনি”, বলেন ক্যামেরন।

ফ্রস্টের মৃত্যুতে শোকাহত পারিবারের সদস্যরা এ কঠিন সময়ে তাদেরকে নিভৃতে কিছু সময় কাটাতে দেয়ার অনুরোধ জানিয়েছে।

তার শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

ফ্রস্টের অনেক কাজের মধ্যে নিক্সনের সাক্ষাৎকারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানেন অনেকে। ১৯৭৭ সালের ওই সাক্ষাৎকারে নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য ক্ষমা চেয়েছিলেন।

বিষয়টি এতটাই সাড়া ফেলেছিল যে ওই সাক্ষাৎকার নিয়ে মঞ্চে নাটক হয়েছে; নির্মিত হয়েছে চলচ্চিত্রও, যার নাম ‘ফ্রস্ট/নিক্সন’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারও নিয়েছেন ডেভিড ফ্রস্ট।

সাংবাদিক হিসেবে নিজের পরিচয় ধরে রেখে ফ্রস্ট লিখেছেন রম্য রচনা, করেছেনে টেলিভিশন অনুষ্ঠান ‘দি ফ্রস্ট রিপোর্ট্’।

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে জন্ম নেয়া ডেভিড ফ্রস্ট পড়াশুনা করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।

পড়াশুনা শেষে তিনি আইটিভিতে কাজ শুরু করেন। এরপর ১৯৬২-৬৩ সালে বিবিসি’র ‘দ্যাট ওয়াজ দ্য উইক দ্যাট ওয়াজ’ প্রোগ্রাম করেন তিনি।এভাবেই এগিয়ে চলে তার ক্যারিয়ার।

রম্য রচনা থেকে ফ্রস্ট পরে ঝুঁকে পড়েন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজরাজড়া এবং সেলিব্রিটিদের অনুসন্ধানী সাক্ষাৎকার নেয়ার দিকে।

ফকল্যান্ড যুদ্ধের সময় আর্জেন্টিনার প্রমোদতরী বেলগ্রানো ডুবির ঘটনা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।

একইসঙ্গে ফ্রস্ট ওই সময় যুক্তরাষ্ট্রে ‘দ্য ডেভিড ফ্রস্ট’ শো তেও কাজ শুরু করেন। পরবর্তীতে প্রেসিডেন্ট নিক্সনের ধারাবাহিক সাক্ষাৎকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিতি পান তিনি।