যুক্তরাষ্ট্র নয়, জাতিসংঘের অভিযানে সায় দেবে ভারত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত সিরিয়ায় কোনো ধরনের সামরিক অভিযানে সমর্থন দেবে না বলে জানিয়েছে ভারত।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওয়াশিংটন সফরের সপ্তাহ দুই আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ তার সরকারের এই অবস্থানের কথা জানালেন।
দামেস্কে গ্যাস হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার ঘটনায় সিরিয়ার বাশার আল আসাদ সরকারের দায়ী করে মিসাইল হামলার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
শনিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, তিনি সিরীয়ায় সামরিক অভিযানের পক্ষে। তবে এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন চাইবেন তিনি।
যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত মিত্র’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ শনিবার বলেন, “আমরা এমন কোনো অভিযানে সমর্থন দিতে পারি না, যা জাতিসংঘের অনুমোদিত নয়।”
এই মুহূর্তে সিরিয়ায় অভিযান শুরু করলে গোটা পশ্চিম এশিয়ায় এর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
“আমি আশা করি সবাই সুবিবেচনার পরিচয় দেবেন এবং এমন কোনো পদক্ষেপ কেউ নেবে না, যা সঙ্কট আরো বাড়িয়ে দেবে।”
দুটো দিক দিয়ে পশ্চিম আফ্রিকা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদীয়মান অর্থনীতির দেশ ভারতের জ্বালানির তেলের একটি বড় অংশ আফ্রিকার ওই অংশের দেশগুলো থেকেই আসে। তাছাড়া ওই এলাকায় প্রায় ৬০ লাখ ভারতীয় অভিবাসীর বসবাস।
ভারত এর আগেও কেবল জাতিসংঘ অনুমোদিত সামরিক অভিযানগুলোতেই সমর্থন দিয়েছে। তবে এবার নিজেদের অবস্থান জানাতে যে বক্তব্য পররাষ্ট্র মন্ত্রী দিয়েছেন, তাতে এটা স্পষ্ট যে সিরিয়ায় অভিযান হলে তা ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে বলে মনে করছে মনমোহন সিংয়ের সরকার।
এর বাইরে কানাডা ও অস্ট্রেলিয়া অভিযানের পক্ষে সায় দিয়েছে। তবে ‘না’ বলে দিয়েছে জার্মানি।
সালমান খুরশিদ বলেন, “কোনো ধরনের সামরিক অভিযানে জড়িয়ে পড়ার আগে এর সবগুলো দিক ভালভাবে ভেবে দেখা প্রয়োজন।… জাতিসংঘ অনুমোদন দিলে কোনো মিত্র দেশের বিরুদ্ধে অভিযানেও আমাদের আপত্তি করার কিছু থাকবে না।”
