ইরাকে এমপিদের বাড়তি সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ
ইরাকে পার্লামেন্ট সদস্যদের অবসরকালীন ভাতাসহ বিভিন্ন বাড়তি সুযোগ-সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে।
শনিবার ইরাকের রাজধানী বাগদাদসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা।
বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধবিধ্বস্ত ইরাকে এখনো অনেক মানুষ মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে এবং কর্মসংস্থানে জন্য অনেককে লড়াই করতে হচ্ছে। অথচ সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুবিধার জন্য প্রতি মাসে হাজার হাজার ডলার ব্যয় করা হচ্ছে।
“তেল জনগণের জন্য, চোরদের জন্য নয়”, স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কঠোর শাসন এবং তারপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সামাজিক বিপর্যয়ের মুখে পড়া ইরাকে গণবিক্ষোভের দৃশ্য খুবই বিরল। শাসন ক্ষমতা নিয়ে শিয়া-সুন্নি-কুর্দি ত্রিমুখী সংঘাতের জেরে দেশটিতে প্রায়ই আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।
যুদ্ধ শেষ হলেও রাজনৈতিক স্থিতিশীলতা না ফেরায় ইরাকে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ উন্নয়ন খাতে তেমন অগ্রগতি হয়নি।
রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ঘিরে রাখে। তবে দক্ষিণাঞ্চলীয় শহর নাসারিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিপেটা করে পুলিশ।
২০১১ সালের সরকারি হিসাব মতে, ইরাকে ১১ শতাংশ মানুষ বেকার। তবে প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন।
