কাশ্মিরে পাঁচ ‘জঙ্গি’ নিহত
পদোন্নতি ও নগদ অর্থ পুরস্কার পাওয়ার লোভে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেসামরিক নাগরিকদের ঠাণ্ডা মাথায় হত্যা করার অভিযোগ রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার কাশ্মিরের গান্ধারবাল জেলার নাজওয়ান বনে এ ঘটনা ঘটে বলে ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
ওই বনে টহলরত আধা সামরিক বাহিনী ও পুলিশের একটি দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে একদল জঙ্গি। এতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়ে যায়।
পরে ওই পাঁচ জঙ্গিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি’র উর্দু বিভাগের রিয়াজ মাসরুর জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার গোষ্ঠীগুলো প্রশ্ন তুলেছে।
তিনি জানান এই এলাকায় আগে সংঘটিত বেশ কয়েকটি ঘটনার তদন্ত করে কর্মকর্তারা দেখতে পেয়েছেন, পদোন্নতি ও নগদ অর্থ পুরস্কার পাওয়ার লোভে সাজানো বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেসামরিক নাগরিকদের ঠাণ্ডা মাথায় হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
১৯৮৯ সাল থেকে ভারত শাসিত কাশ্মিরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে কাশ্মিরিরা। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মিরের মালিকানা দাবি করলেও এর বেশিরভাগ অধিবাসীই স্বাধীন একটি রাষ্ট্র চায়।
