ফেল করা শিক্ষার্থী ভর্তিতে সম্মত বিশ্ববিদ্যালয়
লাইবেরিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী ফেল করার পর ১৮শ’ শিক্ষার্থীকে ভর্তি করতে সম্মত হয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
দেশটির প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
সম্প্রতি লাইবেরিয়ার রাষ্ট্র পরিচালিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৫ হাজার শিক্ষার্থীর সবাই ফেল করে। বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে।
বিবিসিকে সারলিফ জানান, তিনি এ ঘটনায় ইউনিভার্সিটি অব লাইবেরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
দেশটির গৃহযুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারলিফ ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।
গৃহযুদ্ধে দেশটিতে ২ লাখেরও বেশি মানুষ নিহত হয়। পাশাপাশি পশ্চিম আফ্রিকার এই দেশটির ভৌত অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
সারলিফ জানান, এ বছর রাষ্ট্র পরিচালিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটিতে ভর্তি পরীক্ষায় উচ্চতর মান বজায় রাখার কারণে এই গণফেল-এর ঘটনা ঘটেছে।
তবে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেল করা ১৮শ’ শিক্ষার্থী ভর্তি করতে সম্মত হয়েছে এ ব্যাপারে সারলিফ কোনোকিছু বলেননি।
২০০৫ সালে দেশটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর শিক্ষার উন্নয়ন করতে পারেননি বলে সমালোচনার জবাবে সারলিফ বলেন,, “আমি দুঃখিত। তারা অত্যন্ত ভুল ধারণার বশবর্তী হয়ে আছেন। দ্রুত এ থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।”
এদিকে, ভর্তিপরীক্ষায় অংশগ্রহণকারী সবাই ফেল করার ঘটনায় দেশটির শিক্ষামন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন।
শিক্ষামন্ত্রী এটমোনিয়া ডেভিড তারপেহ বলেছেন, “এটি বিশ্বাস করা শক্ত যে একজন পরীক্ষার্থীও চলতি বছরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করেনি।”
বিশ্ববিদ্যালয়টির এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীদের উৎসাহের অভাব ও ইংরেজি ভাষার দুর্বলতাই এই বিপর্যয়ের কারণ।
