অবৈধ তেল রপ্তানিরত ট্যাঙ্কার গুঁড়িয়ে দেয়া হবে : লিবিয়া
অবৈধভাবে তেল রপ্তানিরত যে কোনো তেলবাহী জাহাজ (অয়েল ট্যাঙ্কার) ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লিবিয়া।
গত সপ্তাহে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে লিবীয় বাহিনীর গুলিবর্ষণের পর সোমবার এ হুঁশিয়ারি জানিয়েছে দেশটি।
লিবিয়ার সর্ববৃহৎ অশোধিত তেল রপ্তানিকারী বন্দরের কাছে লাইবেরীয় ওই ট্যাঙ্কারটির ওপর হামলা চালায় লিবীয় সেনাবাহিনী। এই বন্দরটি দেশটির পূর্বাঞ্চলের সশস্ত্র প্রতিবাদকারীরা অবরোধ করে রেখেছে।
লাইবেরীয় ট্যাঙ্কারটি অবৈধভাবে অশোধিত তেল রপ্তানির চেষ্টা করছিল বলে জানিয়েছেন লিবীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রাজাক আল শবাহি। গুলিবর্ষণের মুখে ট্যাঙ্কারটি বন্দর এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।
লিবিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত রাস লানুফসহ বেশ কয়েকটি তেল রপ্তানিকারী বন্দরের মধ্যে এস সিদার সবচেয়ে বড়। জুলাইয়ের শেষ দিক থেকে নিরাপত্তাকর্মী ও তেলখনি কর্মীদের বেতন নিয়ে অসন্তোষ এবং রাজনৈতিক দাবির মুখে বেশ কয়েকটি তেলখনি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এস সিদার বন্দরটিও বেশিরভাগ সময় বন্ধ ছিল।
এতে লিবিয়ার তেল উৎপাদন ও রপ্তানিও সর্বনিম্ন মাত্রায় নেমে এসেছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে দেশটির দিনপ্রতি অশোধিত তেল রপ্তানির পরিমাণ ছিল ১২ দশমিক ৫ লাখ ব্যারেল। এরপর থেকে দিনপ্রতি রপ্তানি ৫ লাখ ব্যারেলে নেমে এলেও এখন রপ্তানি এর থেকে নিচে নেমে গেছে।
এতে এ পর্যন্ত সরকারের ২শ’ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুর হওয়ার পর থেকেই লিবিয়ার পূর্বাংশের আন্দোলনকারীরা অধিকতর স্বায়ত্ত্বশাসন পাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলের জন্য অধিকতর স্বায়ত্ত্বশাসনের দাবিকৃত ফেডারেলপন্থীরা তেলখনিগুলোতে ধর্মঘট আয়োজনের জন্য দায়ী। তারা বন্দরে রক্ষিত তেলে অবৈধভাবে রপ্তানি করে নিজেদের আর্থিক সঙ্গতি বাড়ানোর চেষ্টা করছে।
শবাহি জানিয়েছেন, দেশের নবগঠিত সশস্ত্র বাহিনীর উপকূলরক্ষীরা সাগরে টহল বাড়িয়েছে এবং তিন বিমান ঘাঁটিকে সতর্ক অবস্থায় রেখেছে। লিবীয় জলসীমায় অবৈধভাবে লিবীয় তেল রপ্তানির চেষ্টারত যে কোনো জাহাজকে বাধা দিতে সামরিক বিমানগুলোকে “বোমাবর্ষণ” করার নির্দেশ দেয়া হয়েছে।
“তিনটি বিমান ঘাঁটিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং দেশের জাতীয় তেল কোম্পানির সঙ্গে চুক্তিরত নয় এমন যে কোনো তেলবাহী ট্যাঙ্কারের ওপর আঘাত হেনে সেটিকে গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে,” বলেন তিনি।
“দেশের সম্পদ চুরির চেষ্টারত যে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো দ্বিধা করবে না,” বলেন লিবীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
চলতি মাসের প্রথম দিকে লিবীয় সরকার বলেছিল, পূর্বাঞ্চলের নিরাপত্তারক্ষীরা নিজ দায়িত্বে তেল রপ্তানির চেষ্টা করলে তাদের প্রতিরোধ করতে সেনাশক্তি ব্যবহার করা হবে।
