সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রণতরীসহ ভূমধ্যসাগরে অবস্থান নিয়েছে। সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত হয়ে আছে তারা।
প্রেসিডেন্ট বারাক ওবামা পেন্টাগনকে নির্দেশ দেয়া মাত্রই তারা সিরিয়ায় হামলা শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।
কুয়ালা লামপুর সফরে যাওয়ার পথে গত শুক্রবার সাংবাদিকদের হেগেল বলেন, যে কোনো ঘটনার ক্ষেত্রে প্রেসিডেন্টকে সব বিকল্প পথ বাতলানোর দায়িত্ব প্রতিরক্ষা বিভাগের।
এর মধ্যে প্রেসিডেন্ট যে কোনো ধরনের বিকল্প বেছে নিতে পারেন। আর সেকারণে পেন্টাগনকে তার বাহিনীর অবস্থান ঠিকঠাক করে রাখতে হয় বলে জানান হেগেল।
এ বিষয়টিকে সামনে রেখেই পেন্টাগন তার বাহিনীগুলোর অবস্থান ঠিক করেছে। এর মধ্যে সামরিক কর্মকর্তারাসহ রণতরীগুলোর অবস্থান ঠিক করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বরাত দিয়ে জানিয়েছে ব্লুমবার্গ ডটকম।
সিরিয়ায় ২১ অগাস্টে দামেস্কর শহরতলীতে বাশার আল আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র হামলা অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবসাথা নেয়ার জন্য চাপের মুখে আছেন ওবামা।
ফলে সিরিয়া প্রসঙ্গে করণীয় নিয়ে ওবামা তাঁর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে শনিবার বৈঠকও করেছেন।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগে এরই মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওবামা। তবে সতর্ক করে দিয়ে তিনি এও বলেছেন, তাড়াহুড়ো করে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের উচিত হবে না।
এর আগে ওবামা বলেছিলেন, আসাদ সরকার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
