সামরিক ব্যবস্থা নিলে ‘মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে’: যুক্তরাষ্ট্রকে সিরিয়া
যুক্তরাষ্ট্রকে সামরিক ব্যবস্থার বিরুদ্ধে হুঁশিয়ার করে সিরিয়া বলেছে, যে কোনো সামরিক ব্যবস্থা ‘আগুনের গোলার মতো পরিস্থিতি সৃষ্টি করে মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে’।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শনিবার সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে দেশটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দেয়।
এর পাল্টা হুঁশিয়ারি দিয়ে সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি লেবানন-ভিত্তিক আল মায়াদিন টিভি তে বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন মারাত্মক লড়াইবিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি করবে। আর তা একটি আগুনের গোলার মতো গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে।” সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জোয়াবির এ উদ্ধৃতি প্রকাশ করে।
সিরিয়ার মিত্র দেশ ইরানও ওয়াশিংটনকে সীমা অতিক্রম না করার ব্যাপারে সতর্ক করেছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি রোববার হুঁশিয়ার করে বলেন, “সিরিয়া ইস্যুতে ‘লাল সীমা’ কোথায় আমেরিকার তা জানা আছে এবং কোনোভাবে এ সীমা পার হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে”।
বিবিসি জানায়, সিরিয়া পরিস্থিতি নিয়ে শনিবার ফোনে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরনের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত ক্রমেই জোরালো হয়ে ওঠায় দু’নেতা গভীরভাবে উদ্বিগ্ন।
সিরিয়া সরকার লড়াইয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করে এর দায় চাপিয়েছে বিদ্রোহীদের ওপরে। অন্যদিকে, রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগ করেছে আসাদ-বিরোধীরা। এ হামলায় অন্তত এক হাজার মানুষ মারা গেছে বলে দাবি করা হচ্ছে।
শনিবার মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বলেছে, গত বুধবার স্নায়ুতন্ত্র বিকলকারী গ্যাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে রাজধানী দামেস্কের আশপাশের তিনটি হাসপাতালে প্রায় তিন হাজার ছয়শ’ মানুষ ভর্তি হয়। তাদের মধ্যে ৩৫৫ জন মারা গেছে।
