২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনশ’র বেশি ভারতীয়কে মুক্তি দিল পাকিস্তান

পাকিস্তান সরকার তাদের দেশে বন্দী ৩৩৭ জন ভারতীয়কে মুক্তি দিয়েছে, যাদের অধিকাংশই জেলে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2013, 10:34 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তানের নতুন সরকারের এ পদক্ষেপকে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের একটি ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় গত দুই বছরে এসব ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের কারাগার থেকে মুক্তি দিয়ে পাকিস্তানের লাহোর ও ভারতের অমৃতসরের মধ্যবর্তী ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফেরার সুযোগ দেয়া হয়।

মুক্তি পাওয়া জেলে কৈলাশ নাথু (১৭) রয়টার্সকে বলেন, “ভারত ও পাকিস্তান আগে এক দেশ ছিল। তাদের পরস্পরের প্রতি ছাড় দিয়ে সহোদরের মতো শান্তিতে থাকা উচিত।”

গত জানুয়ারিতে আটক হওয়ার পর পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন কৈলাশ।

সাব্বির উসমান (৩০) নামে আরেক জেলে বলেন, এখন ভারতের উচিত পাকিস্তানি বন্দীদের ছেড়ে দেয়া।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এর জন্য পাকিস্তানি বন্দীদের মুক্তি দেবে না নয়া দিল্লি।

“যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে শুধু তাদেরই ছাড়া হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া”, বলেন তিনি।