স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করিনি: বো
চীনের্ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক জ্যেষ্ঠ নেতা বো জিলাই দেশের জন্য লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টির দায় স্বীকার করলেও হত্যার দায় থেকে স্ত্রীকে বাঁচানোসহ সব অভিযোগ অস্বীকার করেছেন।
শনিবার চীনের পূর্বাঞ্চলীয় শহর জিনানের একটি আদালতে জবানবন্দি দেন তিনি।
বো ছিলেন চীনের উঠতি নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়দের একজন। তবে গত বছর এক ব্রিটিশ নাগরিককে হত্যার দায় থেকে স্ত্রী গু কাইলাইকে বাঁচানোর চেষ্টার অভিযোগ ওঠার পর শেষ হয়ে যায় তার রাজনৈতিক ভবিষ্যত।
চংকিং শহর কমউনিস্ট পার্টির প্রধানের পাশাপাশি দলের পলিটব্যুরোর সদস্যপদ হারান তিনি। এখন তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষগ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচার চলছে।
ব্রিটিশ ব্যবসায়ী নীল হেইউড হত্যাকাণ্ড তদন্তে গু কাইলাইয়ের জড়িত থাকার বিষয়টি উঠে আসা নিয়ে চংকিংয়ের পুলিশ প্রধান ওয়াং লিজুনের সঙ্গে বিরোধ বাঁধে বো জিলাইয়ের। এর জের ধরে গত বছর ফেব্রুয়ারিতে পালিয়ে পাশ্ববর্তী চেংডু শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে গিয়ে আশ্রয় নেন পুলিশ কর্মকর্তা ওয়াং। এরপর বিষয়টি জানাজানি হয়ে বো ক্ষমতাচ্যুৎ হন।
বো জিলাই স্ত্রীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ শুনে ওয়াংকে বকাঝকা করেন এবং তাকে মারধর করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়।
এ বিষয়ে বো আদালতে বলেন, “একটি জটিল সময়ে আমি শান্ত আচরণ করিনি এবং গুরুতর ভুল করেছিলাম। তাই ওয়াং লিজুনের পালিয়ে যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চাওয়ার জন্য আমি অনেকটা দায়ী এবং আমি এর জন্য ক্ষমা চাইছি।”
তবে “আমি অবৈধভাবে গু কাইলাইয়ের পক্ষ নেয়া এবং তাকে রক্ষার চেষ্টা করিনি।”
বো বলেন, ওয়াং যখন প্রথম তাকে হেইউড হত্যাকাণ্ডে গুয়ের জড়িত থাকার সন্দেহের কথা বলেছিলেন তখন তিনি তা বিশ্বাস করেননি। কারণ গু তাকে চংকিং পুলিশের একটি প্রতিবেদনে দেখিয়েছিল, যাতে হেইউড মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে প্রয়াতের স্ত্রী স্বাক্ষর করেছে।
আদালতে ঘুষ ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বো জিলাই বলেন, শারীরিক ও মানসিক নির্যা তনের কারণে এর আগে এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি।
