সিরিয়ায় ‘আক্রান্ত স্থানে’ যেতে পারেনি পর্যবেক্ষকরা
সিরিয়ার রাজধানী দামেস্কে বিষাক্ত গ্যাসে সহস্রাধিক হতাহতের অভিযোগ ওঠার পরও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি জাতিসংঘের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা।
সেখান থেকে কয়েক কিলোমিটার দূরের একটি আবাসিক হোটেলেই অবস্থান করছেন তারা। তাদের পরিদর্শনের সুযোগ দিতে আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
বুধবার দামেস্কের একটি জনবসতিতে বিষাক্ত গ্যাসে ১৩ শ’রও বেশি মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠিগুলো।
তবে বিষাক্ত গ্যাসে হতাহতের ওই অভিযোগকে ‘অযৌক্তিক এবং রঙচড়ানো’ বলে দাবি করেছে সিরিয়া সরকার।
গৃহযুদ্ধের কারণে মানবিক বিপর্যয় নেমে আসা দেশটি কোনো পক্ষ রাসায়নিক অস্ত্রের ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কয়েকজন সদস্য দামেস্কে উপস্থিত হওয়ার তিন দিনের মাথায় এ ধরনের অভিযোগ ওঠে।
বিদ্রোহীরা একটি এলাকায় সরকারি বাহিনীর বিষাক্ত রাসায়নিক গ্যাসের হামলার শত শত মানুষ মরে যাওয়ার স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ করে।
ঘটনাস্থলে রাসায়নিক গ্যাস প্রয়োগের কোনো আলামত পাওয়া যাবে কি না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তারপরও বিদ্রোহীরা চায়, বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল পরিদর্শন করুক।
বৃহস্পতিবারও সেখানে যাওয়ার জন্য আসাদ সরকারের সহযোগিতা চেয়েছে বিশেষজ্ঞরা। তবে সরকারের পক্ষ থেকে এবিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি।
হতাহতের খবর প্রকাশের পর ফ্রান্স, ব্রিটেন ঘটনার সত্যতা সাপেক্ষে সিরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার পক্ষে মত দিয়েছে। প্রেসিডেন্ট আসাদের মিত্রদেশ রাশিয়াও ‘সতর্কতামূলক’ মত দিয়েছে।
তবে বিষয়টি নিয়ে বরাবরের মতো গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লিওরেন্ট ফেবিয়াস বলেন, ঘটনা সত্য হলে বিশ্বশক্তিগুলোকে এ নিয়ে শক্ত অবস্থান দেখাতে হবে। তবে এনিয়ে সেখানে সৈন্য পাঠানোর কোনো কারণ নেই।
ব্রিটেন উদ্বেগ প্রকাশ করে জানায়, সিরিয়ার নিরাপরাধ মানুষদেরকে রক্ষায় সম্ভাব্য সব পথেই এগুতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া তাদের খুব কম কিছুই করার আছে।
এদিকে সিরিয়ার বিরোধীদের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান থাকলেও সেখানে যুদ্ধ জড়াতে খুব কমই আগ্রহ দেখাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিধর এই রাষ্ট্রটি।
রাশিয়া বিষয়টিকে পশ্চিমা সেনা সহায়তা পেতে বিদ্রোহীদের ‘উস্কানি’ বলে দাবি করেছে।
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়া বিষয়ে জরুরি বৈঠকে বসেছে। তবে তারা ঘটনাস্থরে কোনো পশ্চিমা পর্যবেক্ষক পাঠার সিদ্ধান্তে একমত হতে পারেনি তারা।
এদিকে পশ্চিমা দেশগুলোর দ্বিধাদ্বন্দ্বের কারণে অনেক বিদ্রোহী গোষ্ঠী তাদের ওপর আস্থা হারিয়েছে।
গ্যাস আক্রান্ত গাউটা অঞ্চল থেকে বিদ্রোহী নেতা বারা আব্দেলরহমান বলেন, “জাতিসংঘের প্রতিনিধিদল যেখানে অবস্থান করছে আমরা সেখান থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। পাঁচ মিনিটের মধ্যে গাড়িতে চড়ে আসা যায়। আমরা যখন গ্যাস বোমায় নিঃশেষ হয়ে যাচ্ছি তখন তারা হোটেলে বসে চা-কফি খাচ্ছে।”
কাশেম সাদাদ্দিন নামের বিদ্রোহী সুপ্রিম মিলিটারি কাউন্সিলের এক কমান্ডার বলেন, তার দল এখনও এধরনের হামলার জবাব দেয়ার বিষয়টি বিবেচনা করছে।
তিনি রয়টার্সকে বলেন, এ ঘটনায় আরেকটি রাজনৈতিক বিবৃতি এবং কোনো পদক্ষেপবিহীন জাতিসংঘের বৈঠক হতে দেখে সাধারণ মানুষ দিনে দিনে নিয়ন্ত্রণহীন হয়ে উঠবে। এই হামলার জবাব কিভাবে দেয়া যায় আমরা সেবিষয়টি বিবেচনা করছি।
প্রায় আড়াই বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও চার দশককাল ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা তার পরিবারের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ গৃহযুদ্ধে রূপ নেয়। যুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পাশের দেশ জর্ডান, লেবানন, ইরাক ও তুরস্কে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি বাস্তুহারা সিরিয়।
আসাদ বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর এর নিয়ন্ত্রণ ধীরে ধীরে ধর্মীয় গোষ্ঠী ও আল কায়েদা সমর্থক উগ্র ইসলাপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সেকারণে পশ্চিমা শক্তিগুলো বিদ্রোহীদেরকে সমর্থন দিলেও পুরোপুরি বিপ্লব ঘটানোর কাজে সহায়তা করতে অনীহা দেখাচ্ছে।
সিরিয়ার বিদ্রোহী দলগুলোর সমন্বয়ক সংগঠন ন্যাশনাল কোয়ালিশনের নেতা জর্জ সেবরা রয়টার্সকে বলেন, আমরা জাতিসংঘ দলকে স্বাধীনভাবে, সরাসরি গিয়ে ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করেছি।
“আমরা তদন্তদলটি সম্পর্কে খুবই সন্দিহান। কারণ বিশেষজ্ঞদলটি আসাদ বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। সরকারি বাহিনী তাদেরকে যেখানে নিয়ে যায় তারা কেবলমাত্র সেখানে যায়।”
নাম প্রকাশ না কারার শর্তে ইউরোপিয় ইয়নিয়নের একাধিক কর্মকর্তা বলেন, সিরিয়ায় নো ফ্রাই জোন করা, আকাশ পথে অবরোধ দেয়া, বিদ্রোহীদের হাতে ভারী অস্ত্র সরবরাহের সব প্রস্তব এখনো আলোচনার টেবিলে আছে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এসব প্রস্তাব এগিয়ে নেয়া সম্ভব নয় বলেও জানান তারা।
