নারীরা ভোট দিতে গেলে হত্যার হুমকি তালেবানের
পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) দেশটির একটি প্রাদেশিক আসনের উপনির্বাচনে নারীদের ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য বলেছে।
সংগঠনটি নারীরা ভোটকেন্দ্রে গেলে তাদের অপহরণ ও হত্যার হুমকি দিয়েছে বলে দ্য ডন সংবাদপত্র জানিয়েছে। টিটিপির এই হুঁশিয়ারি লিফলেটের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার হাঙ্গু বাজারে লোকজন এই লিফলেটটি পান। পুলিশ নিশ্চিত করেছে, টিটিপি’ই এই হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদের হাঙ্গু-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিতে হচ্ছে।
তালেবান একই ধরনের হুমকি চলতি বছরের ১১ মে অনুষ্ঠিত দেশটির জাতীয় সাধারণ নির্বাচনের সময়ও দিয়েছিল। সংগঠনটি হাঙ্গুর বেশকিছু এলাকার ব্যালটবক্সও ছিনতাই করে নিয়ে যায়।
খোট অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) বলেছেন, হাঙ্গুতে ভোটগ্রহণ চলাকালে সম্ভাব্য জঙ্গি হামলার হুমকি মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে।
বুধবার দেয়া এক বিবৃতিতে ডিআইজি ইসতিয়াক মারওয়াত জানান, হাঙ্গুর ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
