প্রবল বৃষ্টিতে জলমগ্ন ম্যানিলায় ৭ জনের মৃত্যু
একদিনের প্রবল বৃষ্টিপাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রায় অর্ধেক ডুবে গেছে। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
এক মাসের স্বাভাবিক বৃষ্টিপাত এক দিনের মধ্যেই হয়ে যাওয়াতে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে।
ক্রান্তীয় ঝড় ও বৃষ্টিপাতজনিত কারণে ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের স্কুল ও সরকারি অফিসগুলো দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে। এই দ্বীপটিতেই রাজধানী ম্যানিলার অবস্থান।
লুজনের প্রায় ৪০ হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অপেক্ষায় আছেন। এরই মধ্যে এর দ্বিগুণ সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে আত্মীয় ও পরিচিতজনদের বাসায় আশ্রয় নিয়েছেন।
বাজার, ব্যাংক, বীমা ও অন্যান্য বেসরকারী ফার্মগুলোও বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি বিমানযাত্রা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার সকালে আরো ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় আবহাওয়া দপ্তর রেড এলার্ট জারি করেছে। ম্যানিলায় ও এর আশপাশের প্রদেশগুলোতে আরো ব্যাপক বৃষ্টিপাত ও মারাত্মক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
সপ্তাহের শেষ দিকে ক্রান্তীয় ঝড় ট্রামি উত্তর তাইওয়ানের দিকে সরে যাবে বলে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ঝড়টির কেন্দ্রীয় অঞ্চলে বাতাসের বেগ ঘন্টায় ৯৫ কিলোমিটার ও প্রান্তে ১২০ কিলোমিটার বেগে বইছে। মৌসুমি এই ঝড়টি প্রচুর জলীয়বাষ্প বহন করে আনায় দ্বীপজুড়ে টানা বৃষ্টিপাত হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের মৌসুমি বৃষ্টিপাত প্রায় দুর্যোগের রূপ নিয়েছে।
প্রবল বৃষ্টিপাতে গত বছর ম্যানিলা ও পার্শ্ববর্তী এলাকাগুলো ডুবে গিয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয় এবং দুই লাখ ৭০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়।
