‘বোকো হারামের শীর্ষনেতা নিহত’
নাইজেরিয়ার ইসলামি জঙ্গি নেতা আবুবকর শেকাও সম্ভবত নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
একজন সেনা মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
লেফট্যানান্ট কর্নেল সাগির মুসা বলেন, একটি গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে, বোকো হারামের শীর্ষনেতা সম্ভবত ২৫ জুলাই থেকে ৩ অগাস্টের মধ্যে মারা গেছেন।
২০০৯ সাল থেকে নাইজেরিয়াতে জঙ্গি হামলা শুরু করে বোকো হারাম। আবুবকর শেকাওয়ের মৃত্যু সম্পর্কিত বিবৃতির ব্যাপারে সংগঠনটি কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র বোকো হারামের এই নেতাকে ধরিয়ে দেয়ার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামবিসা জঙ্গলে বোকো হারামের ঘাঁটিতে সেনা অভিযান চালানো হলে শেকাও চলতি বছরের ৩০ জুন গুলিবিদ্ধ হন।
“শেকাও গুরুতর আহত হয়ে ক্যামেরুনের সীমান্তবর্তী অমিতচিদেতে চিকিৎসার জন্য যান। আমাদের দৃঢ় বিশ্বাস ২৫ জুলাই থেকে ৩ অগাস্টের মধ্যে শেকাও অবশ্যই মারা গেছেন”, বলেন সেনা মুখপাত্র কর্নেল মুসা।
এরআগে ১৪ অগাস্ট সেনাবাহিনী জানিয়েছিল তারা বোকো হারামের দ্বিতীয় শীর্ষনেতা মোমোদু বামাকে হত্যা করেছে। মোমোদু বামা ‘আবু সাদ’ নামেও পরিচিত।
তবে শেকাও কিংবা বামার মৃত্যুর সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০০৯ সাল থেকে বোকো হারামের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ইউসুফ পুলিশি হেফাজতে কারাগারে মারা যাওয়ার পর আবুবকর শেকাও সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন।
চলতি বছরের মে মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দেশটির উত্তরপূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করেন।
