২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিবিরকে প্রশিক্ষণ দিয়েছেন টুন্ডা’

জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার ‘বোমা বিশেষজ্ঞ’ সৈয়দ আব্দুল করিম টুন্ডা বোমা তৈরি শিখেছিলেন জাকারিয়া নামে এক বাংলাদেশির কাছে, যার মেয়েকে এই জঙ্গি নেতা গ্রহণ ‘করেছিলেন’ নিজের তৃতীয় স্ত্রী হিসাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভারত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 12:33 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

‘গুরুর সেই ঋণ’ টুন্ডা শোধ করেন বাংলাদেশি জিহাদীদের বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে, যাদের মধ্যে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাও আছেন বলে জিজ্ঞাসাবাদে ভারতীয় তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন তিনি। 

শুক্রবার বিকালে নেপাল সীমান্ত থেকে পাকিস্তানি পাসপোর্টসহ গ্রেপ্তারের পর শনিবার দিল্লির একটি আদালত টুন্ডাকে তিন দিন পুলিশের হেফাজতে পাঠায়।

গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে টুন্ডা বলেছেন, তিনি ৫০ থেকে ৬০ জন বাংলাদেশিকে বোমা বানানোর প্রশিক্ষণ দিয়েছেন, যাদের মধ্যে ছাত্র শিবিরের সদস্যও ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টুন্ডার বিশেষত্ব হলো- তার তৈরি স্বল্প শক্তির বোমা ব্যাপক শব্দ তৈরি করে। এতে বহু হতাহত না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।

“আশির দশকে প্রথম বাংলাদেশে গিয়ে জাকারিয়ার কাছে তিনি বোমা বানানো শেখেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে তার হাত পাকা হয়েছে আইএসআই বিশেষজ্ঞদের কাছে প্রশিক্ষণ নিয়ে।”

জিজ্ঞাসাবাদে টুন্ডা গর্ব করে বলেন, বোমা বানানো এবং হামলার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় তা পুঁতে রাখার ‘বিদ্যায়’ কেবল জাকারিয়া নন, পাকিস্তানিদের চেয়েও এগিয়ে গেছেন তিনি। আর এ কৌশল তিনি শিখিয়েছেন মিয়ানমারের রোহিঙ্গাসহ চার দেশের তরুণ জিহাদীদের।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশে যে সিরিজ বোমা হামলা হয় তাতে ব্যবহৃত বিস্ফোরক ছিল টুন্ডার বোমা বিদ্যারই নমুনা। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্য এ ধরনের স্বল্প শক্তির বোমা বানানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার ক্ষেত্রে কাজে দেবে বলে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন।

ইন্টেলিজেন্স ব্যুরোর ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের লস্কর-ই তৈয়বার পৃষ্ঠপোষকতায় আবু তাহের ও শাহনেয়াজ নামের দুজন সহযোগীকে নিয়ে নতুন জঙ্গি গ্রুপ তানজিম-ই-মোহাম্মাদী গড়ে তুলেছেন টুন্ডা।

গোপনে কার্যক্রম পরিচালনাকারী এই গ্রুপের সদস্যদের বাংলাদেশ-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-আসাম সীমান্ত পার হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেয়া হয়।

“বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য লস্কর-ই তৈয়বার গোপন ফ্রন্ট হিসেবে এটা গড়ে তোলা হয়।”

পশ্চিমবঙ্গের নাগরিক তাহের ও শাহনেওয়াজকে এরইমধ্যে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারাই টুন্ডার গড়ে তোলা নতুন জঙ্গি গোষ্ঠীর তথ্য ফাঁস করে দেয়।

ইন্টেলিজেন্স ব্যুরোর ওই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে টুন্ডা বাংলাদেশের অধিকাংশ ইসলামী মৌলবাদী গোষ্ঠী, এমনকি জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথাও জানিয়েছেন।

টুন্ডার সঙ্গে যাদের যোগাযোগ ছিল এবং বাংলাদেশে তিনি যাদের বোমা বানানোর প্রশিক্ষণ দিয়েছেন তাদের সবার তালিকা তৈরি করছেন ভারতীয় গোয়েন্দারা। এই তথ্য বাংলাদেশকেও দেয়া হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলছেন, উভয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে টুন্ডাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও তাদের রয়েছে।

পুরনো খবর:

লস্কর-ই তৈয়বার ‘বোমা বিশেষজ্ঞ’ টুন্ডার কাছে পাকিস্তানি পাসপোর্ট