লস্কর-ই তৈয়বার ‘বোমা বিশেষজ্ঞ’ টুন্ডার কাছে পাকিস্তানি পাসপোর্ট
জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার ‘বোমা বিশেষজ্ঞ’ সৈয়দ আব্দুল করিম টুন্ডা পাকিস্তানি পাসপোর্ট বহন করছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
শুক্রবার বিকালে নেপালের সীমান্ত তাকে গ্রেপ্তারের পর শনিবার দিল্লির একটি আদালত তাকে তিনদিনের পুলিশের হেফাজতে দিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
টাইমসের খবরে বলা হয়, “শনিবার এক সংবাদ সম্মেলনে দিল্লি পুলিশের (বিশেষ শাখা) বিশেষ কমিশনার এস এন শ্রীবাস্তব বলেন, গ্রেপ্তারের সময় টুন্ডার কাছ থেকে ২৩ জানুয়ারি ইস্যু করা একটি পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে, যাতে তার নাম আব্দুল কুদ্দুস লেখা রয়েছে।”
মুম্বাইয়ের বোমা হামলার পর থেকে টুন্ডাকে তাদের হাতে তুলে দেয়ার জন্য পাকিস্তানের কাছে দাবি জানিয়ে আসছে ভারত।
শ্রীবাস্তব বলেন, পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে পাকিস্তান ও বাংলাদেশের লস্করের সন্ত্রাসীরা টুন্ডার নির্দেশে দিল্লিতে ২৪টি, হরিয়ানায় ৫টি ও উত্তর প্রদেশে ৩টি বোমা হামলা চালায়।
তবে গ্রেপ্তারের আগে টুন্ডার অবস্থান নিয়ে দুধরনের খবর আছে। কেউ বলছে, মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। আবার কেউ বলছে, ১০ দিন আগে করাচি ছেড়ে দুবাই হয়ে কাঠমান্ডু পৌঁছান তিনি।
গোয়েন্দা সংস্থাগুলো দুবাই থেকে তার উপর নজর রাখছিল, যার সূত্র ধরেই শুক্রবার নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ শাখা।
ভারত সরকার ঘোষিত ‘মোস্ট ওয়ান্টেড’ ২০ সন্ত্রাসীর তালিকায় থাকা ৭০ বছর বয়সী টুন্ডা মুম্বাই, হায়দারাবাদ, দিল্লি, রোহটক ও জলন্ধরসহ ৪০টি বোমা হামলার মূলহোতা। এসব হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত ও ৪শ’ জন আহত হয়।
পুলিশ জানিয়েছে, ১৯৯৪ এবং ৯৬-৯৮ সালে ২১টি বোমা হামলার ঘটনায় টুন্ডার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।
২০ জনের শীর্ষ সন্ত্রাসীর ওই তালিকায় তার সঙ্গে লস্করের প্রধান হাফিজ সাইদ, জইশ-ই মোহাম্মদ প্রধান মওলানা মাসুদ আজহার ও দাউদ ইব্রাহিমের নামও রয়েছে।
অনলাইন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লস্কর-ই তৈয়বায় নবাগত তরুণদের ইউরিয়া, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড, নাইট্রোবেনেজিন ও চিনি দিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ দিতো টুন্ডা। পাশাপাশি বেশিসংখ্যক হতাহত করার জন্য জনবহুল স্থানে বোমা বসানোর কৌশলও শেখাতেন তিনি।
৪০ বছর বয়সে জঙ্গি এই সংঠনে যোগ দেয়ার আগে পর্যন্ত টুন্ডা পেশায় কাঠমিস্ত্রি, লোহার ব্যবসায়ী ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি ভারতের উত্তর প্রদেশের গাজিবাবাদ জেলার পিখুবা এলাকার বাসিন্দা।
পরিবারের এমন সদস্যদের মধ্যে একমাত্র তার ভাই আব্দুল মালিক (কাঠমিস্ত্রি) ভারতে বাস করেন।
