রাসায়নিক অস্ত্র: সিরিয়ায় জাতিসংঘ দল
সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে রোববার দেশটিতে পৌঁছেছে জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার এবং বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করে আসছে।
এ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে একে ‘সীমা লঙ্ঘন’ হিসাবেই ধরা হবে এবং সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিশ্বের দেশগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে।
ওয়াশিংটন জুনে বলেছে, তাদের ধারণা, আসাদ বাহিনী সীমিত আকারে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। কিন্তু মস্কো জুলাইয়ে বলেছে, বিদ্রোহীরা মার্চে আলেপ্পোয় সারিন গ্যাস ব্যবহার করেছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘ দল আপাতত সিরিয়ায় সারিন কিংবা অন্য কোনো বিষাক্ত গ্যাস ব্যবহার হয়েছে কিনা তার প্রমাণ খুঁজবেন। কারা তা ব্যবহার করেছে তা এখনই তদন্ত করা হচ্ছে না।
সিরিয়া সরকারের সঙ্গে বিস্তারিত কর্মসূচি ঠিক করার পরই ২০ -সদস্যের জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদল সেখানে গেল। দামেস্কের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, দুই সপ্তাহে সিরিয়ার তিনটি এলাকা পরিদর্শন করবে জাতিসংঘ দলটি।
গত মার্চে সিরিয়ার আলোপ্পোয় খান আল আসাল-এ রাসায়নিক অস্ত্র হামলায় ২৬ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এ এলাকাটি পরিদর্শন করবে জাতিসংঘ দল। বাকি দুটি এলাকা এখনো ঠিক করা হয়নি।
আসাদ সরকারের অনুমোদন না থাকায় এতদিন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্ত করতে পারেনি জাতিসংঘ।
গত ৩১ জুলাই সিরিয়া সরকার অস্ত্রপরিদর্শক দলকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেয়। এরপর গত বৃহস্পতিবার দলটির সিরিয়া যাওয়ার প্রস্তুতির কথা জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২৮ মাস অতিবাহিত হয়েছে। প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এ লড়াইয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
