ডায়ানাকে হত্যা করেছিল ব্রিটিশ সেনা!
যুক্তরাজ্যের রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সাবেক স্ত্রী প্রিন্সেস ডায়ানা ১৬ বছর আগে প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও এ ব্যাপারে গোপন সূত্র থেকে নতুন তথ্য বেরিয়ে এসেছে। এ তথ্য খতিয়ে দেখছে ব্রিটিশ পুলিশ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ নতুন তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও যুক্তরাজ্যের স্কাই নিউজ টেলিভিশন স্টেশন জানিয়েছে, বিশেষ ব্রিটিশ বিমান বাহিনীর এক সেনা সদস্যের শ্বশুর-শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া গেছে এ নতুন তথ্য। যাতে বলা হয়েছে, প্রিন্সেস ডায়ানা, তার বন্ধু দোদি ফায়েদ এবং তাদের গাড়ির ড্রাইভারকে হত্যা করেছে ব্রিটিশ সেনাবাহিনীরই এক সদস্য।
সংবাদ মাধ্যম ‘দ্য সানডে পিপল’ এ সম্পর্কে লিখেছে, কোনো সূত্রের উল্লেখ না করে ৭ পাতার একটি চিঠিতে সেনা সদস্যের হাতে ডায়ানার মৃত্যুর ওই দাবি ছাড়াও এ ঘটনার পেছনে এলিট বিশেষ ব্রিটিশ বিমান বাহিনী (ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস ‘এসএএস’) জড়িত ছিল বলে দাবি করা হয়।
এসএএস এর ওই সেনা তার স্ত্রীর কাছে ডায়ানার মৃত্যুর জন্য এই বাহিনীর কমান্ডো ইউনিট দায়ী বলে জানিয়েছিলেন, বলা হয় চিঠিতে।চিঠিটি এসএএস এর কমান্ডিং অফিসারের কাছে পাঠানো হয়েছিল ২০১১ সালের সেপ্টেম্বরে।
এসএএস এর এক স্নাইপার ড্যানি নাইটিঙ্গেলের ২য় দফা কোর্ট মার্শাল চলাকালে এ তথ্য নতুন করে সামনে এসেছে। রয়াল মিলিটারি পুলিশ তথ্যটি দিয়েছে মেট্রোপলিটন পুলিশকে।
রাজপরিবারের মুখপাত্র এ তথ্যের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তথ্যটি খতিয়ে দেখছে এবং এর ‘গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা’ যাচাই করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের রিজ হোটেল থেকে বের হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা, তার বন্ধু দোদি আল ফয়েদ ও তাদের ড্রাইভার পল।
প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ১৯৯৬ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে ডায়ানার। এরপর পরই ডায়ানার মৃত্যুর ঘটনাটি বিশ্বের অগণিত মানুষের কাছে এখনো বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে।
দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদের অভিযোগ ছিল, ব্রিটিশ কর্তৃপক্ষের নির্দেশেই ডায়ানা এবং দোদিকে হত্যা করা হয়।
কিন্তু ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের তৎকালীন প্রধান জন স্টিভেনস এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিলেন, খুনের কোনো আলামত নেই। ড্রাইভার মাতাল থাকায় এবং অতিরিক্ত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
