২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্র: সিরিয়া যাচ্ছে জাতিসংঘ দল

সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে দেশটিতে যাচ্ছে জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2013, 04:03 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

শুক্রবার এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দলটি রোববার সিরিয়ায় প্রবেশ করবে। ওই অঞ্চলের একজন কূটনীতিকও এ সময়সূচি নিশ্চিত করেছেন।

সিরিয়া সরকারের সঙ্গে বিস্তারিত কর্মসূচি ঠিক করা হয়েছে এবং অস্ত্র পরিদর্শকদল শিগগিরই সেখানে যাচ্ছে বলে এর আগে বুধবার জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

দামেস্কের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, দুই সপ্তাহে সিরিয়ার তিনটি এলাকা পরিদর্শন করবে জাতিসংঘ দলটি।

গত মার্চে সিরিয়ার আলোপ্পোয় খান আল আসাল-এ রাসায়নিক অস্ত্র হামলায় ২৬ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এ এলাকাটি পরিদর্শন করবে জাতিসংঘ দল। বাকি দুটি এলাকা এখনো ঠিক করা হয়নি।

আসাদ সরকারের অনুমোদন না থাকায় এতদিন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্ত করতে পারেনি জাতিসংঘ।

গত ৩১ জুলাই সিরিয়া সরকার অস্ত্রপরিদর্শক দলকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেয়ার পর তদন্ত দল এখন প্রস্তুত বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র এডওয়ার্ডো দেল বাই বলেন, “সিরিয়া সরকার পরিদর্শকদেরকে নিরাপদে ও কার্যকরভাবে তদন্তকাজ চালাতে সহায়তা করার আশ্বাস দিয়েছে। দলটি অচিরেই সিরিয়ায় যাবে।”

সুইডিশ অস্ত্র বিশেষজ্ঞ অ্যাক সোলেস্ট্রোমের নেতৃত্বে ১০ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা এবং কারা তা ব্যবহার করেছে তা খতিয়ে দেখবেন অস্ত্র পরিদর্শকরা।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২৮ মাস অতিবাহিত হয়েছে। প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এ লড়াইয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।