২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে গুলিবিনিময় চলছে

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় দু’পক্ষে গুলি বিনিময় চলছেই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Aug 2013, 08:41 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত-পাকিস্তানের মিষ্টি বিতরণের প্রথা ভেঙে চলছে এ সহিংসতা।

বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের গুলিবিনিময়ে পাকিস্তানের অংশে দুই বালিকাসহ ৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। অন্যদিকে, ভারতীয় অংশে আহত হয়েছে ৩ গ্রামবাসী। পুলিশ ও সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্বাধীনতা দিবসের বার্তায় পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন, “আমাদের শান্তির প্রতিশ্রুতি অক্ষুন্ন আছে। কিন্তু আমাদের ধৈর্যেরও সীমা আছে”।

৬ অগাস্টে পাকিস্তানি সেনাদের গুলিতে সীমান্ত এলাকায় ৫ ভারতীয় সেনা নিহতের পর থেকে দুই দেশ গুলিবিনিময় করে যাচ্ছে। মঙ্গলবার সকালে ভারত জম্মু এলাকায় পাকিস্তানের গুলি চালানোর অভিযোগ করে।

বুধবার পাকিস্তান সীমান্ত থেকে একদল বন্দুকধারীর ভারতে প্রবেশের চেষ্টা ঠেকাতে সেনারা সীমান্তে গুলি চালিয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

এর আগে পাকিস্তান তাদের সীমান্তে ভারতের ছোড়া গুলিতে একজন নিহত হওয়ার অভিযোগ করে এবং এর প্রতিবাদ জানাতে ভারতীয় উপ হাই কমিশনারকে পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠায়।

দু’পক্ষে এ উত্তেজনার কারণে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্ধারিত বৈঠককে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।