২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় আবার গুলি

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবার গুলি চালানোর ঘটনা ঘটেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Aug 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

ভারতীয় সেনাবাহিনী বুধবার জানিয়েছে, পাকিস্তান সীমান্ত থেকে একদল বন্দুকধারী ভারতে প্রবেশের চেষ্টা নিয়েছিল। ৬ অগাস্টে পাকিস্তানি সেনাদের গুলিতে সীমান্ত এলাকায় ৫ ভারতীয় সেনা নিহতের পর এটিই প্রথম জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। এ অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সেনারা গুলি চালায়। এতে দুই বন্দুকধারী নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্ল ব্রিজেশ পান্ডে এ ব্যাপারে বলেন, “সেনাবাহিনী আজ (বুধবার) পাকিস্তান সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।দুই জঙ্গি মারাও গেছে”।

নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে থাকলেও সম্প্রতি কয়েক বছরে জঙ্গি অনুপ্রবেশ কিংবা সীমান্তের এপার-ওপারে চোরাগোপ্তা হামলার ঘটনা খুব একটা ঘটেনি।

আফগানিস্তান যুদ্ধ শেষ হয়ে আসতে থাকায় পাকিস্তান আবার জঙ্গিদেরকে কাশ্মীরে ঢুকিয়ে দিতে চাইছে বলে ভারত উদ্বিগ্ন। তবে ভারতের এমন অভিযোগ পাকিস্তান সরকার কান্ডজ্ঞানহীন বলেই উড়িয়ে দিয়েছে।জঙ্গিদেরকে কোনোরকম মদদ দেয়ার কথাও অস্বীকার করেছে পাকিস্তান।

সম্প্রতি দুই দেশ সীমান্তে গুলিবিনিময় করে আবার উত্তেজনায় জড়িয়েছে।মঙ্গলবার সকালে ভারত জম্মু এলাকায় পাকিস্তানের গুলি চালানোর অভিযোগ করে।

এর আগে পাকিস্তান তাদের সীমান্তে ভারতের ছোড়া গুলিতে একজন নিহত হওয়ার অভিযোগ করে এবং এর প্রতিবাদ জানাতে ভারতীয় উপ হাই কমিশনারকে পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠায়।

গত সপ্তাহে ভারত পাকিস্তানি সেনাদের গুলিতে সীমান্ত এলাকায় ৫ ভারতীয় সেনা নিহতের অভিযোগ করে। ওদিকে, পাকিস্তানও সোমবার ভারতের গুলিতে রাওয়ালাকোটের বাত্তাল সেক্টরে এক পাক সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করে।

দু’পক্ষে এ উত্তেজনার কারণে আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্ধারিত বৈঠককে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।