২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নারী এমপি অপহৃত

রাজধানী কাবুলের দক্ষিণে গ্রামাঞ্চলে বেড়াতে গিয়ে নিজের তিন মেয়েসহ অপহৃত হয়েছেন আফগান পার্লামেন্টের নারী সদস্য ফারিবা আহমাদি কাকার। পরে এক অভিযানে তার মেয়েদের উদ্ধার করা গেলেও কাকারকে উদ্ধার করা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 06:43 PM

আফগান কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বুধবার বিবিসি জানিয়েছে, তালেবান জঙ্গিরা কাকারকে অপহরণ করেছে।

পুলিশ জানিয়েছে, কাকারের মুক্তির বিনিময়ে চার তালেবান বন্দির মুক্তি দাবি করেছে অপহরণকারীরা।

তালেবান কর্তৃক কোনো নারী এমপিকে অপহরণের এটিই প্রথম ঘটনা।

মেয়েদের নিয়ে তিনি আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে বেড়াতে গিয়েছিলেন, সেখানে সশস্ত্র ব্যক্তিরা তিন মেয়েসহ তাকে অপহরণ করে বলে জানিয়েছে পুলিশ।

অপহরণের পর নেটো ও আফগান গোয়েন্দারা অভিযান চালিয়ে কাকারের তিন মেয়েকে উদ্ধার করতে পারলেও কাকারকে উদ্ধার করতে পারেনি। তাকে পৃথক একটি স্থানে আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

নেটো সেনাদের আফগান ছাড়ার দিন যতই ঘনিয়ে আসছে, দেশটির বিশিষ্ট নারীদের ওপর হামলার ঘটনা ততই বাড়ছে।

গত মাসে হেলমান্দ প্রদেশে পুলিশের সর্বজ্যেষ্ঠ নারী কর্মকর্তাকে অফিসে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়। গত সপ্তাহে, গজনিতে এক হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান পার্লামেন্টের উচ্চকক্ষের নারী সদস্য রুথ গুল ও তার স্বামী, কিন্তু হামলায় তাদের মেয়ে নিহত হন।

২০১৪ সালের মধ্যে অধিকাংশ নেটো সেনার আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে।