২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেইটা মালির প্রেসিডেন্ট নির্বাচিত

মালির প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম বৌবাকার কেইটা জয়ী হয়েছেন। দ্বিতীয় পর্বের ভোটের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অর্থমন্ত্রী সৌমালিয়া সিসি পরাজয় মেনে নিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Aug 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের পর দাপ্তরিকভাবে এখনও কোনো ফলাফল ঘোষিত হয়নি।

তবে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কেইটা বিপুল ভোটে এগিয়ে আছেন। পাশাপাশি সিসি পরাজয় মেনে নেয়ায় কেইটাই হতে যাচ্ছেন মালির পরবর্তী প্রেসিডেন্ট।

পরাজিত প্রার্থী সিসি কেইটাকে অভিনন্দন জানিয়ে তার শুভ কামনা করেছেন বলে বিবিসি জানিয়েছে।

৬৮ বছর বয়সী কেইটা ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত মালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

প্রথম পর্বের ভোটে কেইটা ৪০ শতাংশ ও সিসি মাত্র ১৯ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় পর্বের ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যান্য প্রার্থীরা কেইটার প্রতি সমর্থন জানিয়েছেন।

সামরিক অভ্যুত্থান, ইসলামি জঙ্গিদের বিজয়াভিযান ও তাদের দমনে ফরাসি সেনা হস্তক্ষেপের কারণে এক বছর অস্থির সময় কাটানোর পর মালির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল।

জাতিসংঘের ১২ হাজার ৬শ’ শান্তিরক্ষী মোতায়েনের পর মালি থেকে নিজ সেনাদের প্রত্যাহার শুরু করেছে ফ্রান্স। দেশটির উত্তরাঞ্চলে ইসলামি জঙ্গিদের রুখতে ৩ হাজার ফরাসি সেনা মোতায়েন করা হয়েছিল।