২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধন

দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের শিপইয়র্ডে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী 'আইএনএস বিক্রান্ত' উদ্বোধন করেছে ভারত।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 06:20 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

কোচিন শিপইয়ার্ডে নির্মিত ৩৭ হাজার ৫০০ টন ওজনের এই রণতরীর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে ২০১৬ সালে। আর ২০১৮ সালে তা আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি।

এর মধ্য দিয়ে ভারত বিশ্বে এ ধরনের রণতরী তৈরিতে সক্ষম অন্যান্য দেশগুলোর কাতারে চলে এল। বিশ্বের দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং ফ্রান্স এ ধরনের যুদ্ধবিমানবাহী জাহাজ তৈরি করতে পারে।

সোমবার ভারত ‘আইএনএস বিক্রান্ত’ তৈরির প্রথম ধাপের কাজ শেষের পর এটি উদ্বোধন করে।এ তরীর বাহ্যিক ও উপরি-কাঠামোর কিছু কাজ এখনো বাকি থাকায় এটিকে আবার ডকে ফিরিয়ে নেয়া হবে।

ভারতের এই রণতরীর দৈর্ঘ্য ২৬০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। এ তরী থেকে মিগ-২৯-কে, হাল্কা যুদ্ধ-বিমান ও ক্যামভ-৩১ মডেলের জঙ্গি বিমান উড়তে পারবে।

ভারতীয় নৌ-বাহিনীর ভাইস অ্যাডমিরাল আরকে ধৌআন দেশীয় প্রযুক্তিতে বানানো প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধনের কৃতিত্বকে এ বাহিনীর দেশের মাটিতে জাহাজ তৈরি কর্মসূচির ‘সর্বোচ্চ গৌরব’ বলে অভিহিত করেছেন।