‘অনলাইনে প্রতি পাঁচ শিশুর একজন নিগৃহীত হয়’
২০১২ সালে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহারকারী প্রায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন নিগ্রহের শিকার হয়েছে।
শিশুদের নিয়ে কাজ করে এমন একটি দাতব্য সংস্থা এনএসপিসিসি’র এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। চলতি বছরের নভেম্বরে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হবে বলে বিবিসি জানিয়েছে।
এসব নিগ্রহের মধ্যে কটূ কথা বলা, গালাগালি করা, অপ্রত্যাশিত যৌন বার্তা পাঠানো, হেনস্থা করা ও চাপে ফেলা উল্লেখযোগ্য।
ফেইসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহারকারীদের মধ্যে “বিপুল সংখ্যক” ব্যবহারকারীর বয়স ১৩ বছরের নিচে বলেও জানিয়েছে এনএসপিসিসি।
গবেষণাটির প্রয়োজনে যুক্তরাজ্যের ১ লাখ ২ হাজার চারশ’ ১১ জন শিশুর ওপর জরিপ চালানো হয়। এতে দেখা যায় অনলাইনে শিশুদের বিরূপ অভিজ্ঞতার মধ্যে কটূ কথা ও উপহাসের শিকার হওয়াই প্রধান।
চলতি বছরের প্রথমদিকে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে অপমানজনক বার্তা পেয়ে আত্মহত্যা করেন ১৪ বছর বয়সী হান্না স্মিথ।
এ ধরনের ঘটনায় ইন্টারনেটে শিশু ও অপেক্ষাকৃত কম বয়সীদের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট ক্রমবর্ধমান উদ্বেগের কারণে গবেষণাটি করা হয়েছে বলে জানিয়েছে এনএসপিসিসি।
