২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে মিশরীয় পুলিশ। এতে আরো রক্তপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Aug 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার ভোর থেকে পুলিশি অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে মিশরের নিরাপত্তা বাহিনী ও সরকারি সূত্রগুলো।

চলতি বছরের ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজধানী কায়রোতে অবস্থান শিবির গড়ে তোলে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ করে যাচ্ছে মুরসির হাজার হাজার সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের সদস্যরা। বর্তমানে কায়রোর দুটি স্থান, রাব্বা আল আদাবিয়া মসজিদ চত্বর ও কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা।

রোববার মিশরের নিরাপত্তা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, “সোমবার ভোরে প্রতিবাদকারীদের ঘিরে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এরপর তাদের ছত্রভঙ্গ করে দেয়ার উদ্দেশ্যে অভিযান শুরু হবে।”

সেনাবাহিনীর কঠোর দৃষ্টিভঙ্গীর কিছু কর্মকর্তা প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসির ওপর চাপ সৃষ্টি করেছেন বলে নিরাপত্তা বাহিনীর সূত্রটি জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর অপর এক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানদের এক বৈঠকের পর সোমবার ভোরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

রমজান মাস শেষ হওয়ার পর অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান তিনি।

রোববার কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনের অবস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক হাজার মুরসি সমর্থক আদাবিয়ার প্রতিবাদ স্থানে এসে যোগ দেয়।

এর আগে আদাবিয়ার অবস্থান থেকে মুরসি সমর্থকদের হটাতে সেনাবাহিনীর চালানো অভিযানে ৮০ জন মুরসি সমর্থক নিহত হন। ব্যাপক এ রক্তপাতের পরও প্রতিবাদ অবস্থান ছেড়ে যায়নি মুরসি সমর্থক ব্রাদারহুডের সদস্যরা।

প্রধানত মুসলিম ব্রাদারহুডের সদস্য মুরসি সমর্থকরা তাদের অবস্থানগুলোর চারপাশে বালির বস্তা ও বড় বড় পাথরের স্তুপ জমিয়ে শিবিরগুলোকে প্রায় দূর্গ বানিয়ে রেখেছে।

শিবির রক্ষীরা মাথায় মোটরসাইকেল হেলমেট পড়ে হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। এই শিবিরগুলোতে মুরসি সমর্থকদের শিশু সন্তানরাও আছে।

এর মধ্যে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে পরিস্থিতি কি দাঁড়াবে তাই নিয়ে ব্যাপক শঙ্কা বিরাজ করছে। যে কোন সময় পুলিশি অভিযান শুরুর আশঙ্কায় মুরসি সমর্থকরাও উদ্বিগ্ন হয়ে আছে।

মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতা ও নিরাপত্তাবাহিনীর অভিযানে মিশরজুড়ে প্রায় ৩শ’ মানুষ নিহত হয়েছেন।