আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু
আফগানিস্তানে রাজধানী কাবুলের উত্তরে সোমালি এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি।ভেসে গেছে বেশকিছু ঘরবাড়ি।
কর্মকর্তারা রোববার জানান, শনিবার কয়েকঘণ্টার প্রচণ্ড বৃষ্টিপাতের পর এ বন্যা দেখা দেয়। ঈদ উপলক্ষ্যে এ সময় অনেকেই তাদের আত্মীয়স্বজনদের বাড়ি বেড়াতে গিয়েছিল।
মারা যাওয়াদের ৬ জনই শিশু বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাঈদ ইকরামুদ্দিন জালাল। দুর্গত এলাকায় ইতোমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং লোকজনদেরকে বিপদমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা গুলাম ফারুক জানান, কয়েকটি জায়গায় বন্যায় ২ নারী মারা গেছে এবং ৪ জন আহত হয়েছে।
