২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার পতন যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি’

সিরিয়ায় চলমান যুদ্ধে বাশার আল আসাদ সরকার পতনের যে হুমকি সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র উপপরিচালক মাইকেল মোরেল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সিরিয়ায় এখন পশ্চিমা বহু দেশের যোদ্ধারা আল-কায়েদা সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে যোগ দিয়ে লড়াই করছে। ইরাক যুদ্ধে যত বিদেশি যোদ্ধা আল কায়েদার সঙ্গে যোগ দিয়েছিল সিরিয়ায় এ সংখ্যা তার চেয়েও বেশি।”

সেকারণে ‘এটিই এখন সম্ভবত বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ উল্লেখ করে মোরেল বলেন, “লড়াইয়ে আসাদ সরকারের পতন ঘটলে আল-কায়েদা যোদ্ধারা ক্ষমতা দখল করবে। আর সরকারের সব অস্ত্র তখন এসব সন্ত্রাসীদের হাতে চলে গিয়ে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে”।

৩৩ বছর পর সিআইএ থেকে অবসর নেয়ার প্রস্তুতির মুহূর্তে দেয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন মোরেল। সাক্ষাৎকারটি মঙ্গলবার প্রকাশ করেছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।

সিরিয়া যুদ্ধ পরিস্থিতি বর্তমানে যে দিকে এগুচ্ছে তাতে আসাদ সরকারের পতনের ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে জানান মোরেল। তাছাড়া, সিরিয়ার সহিংসতা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ লেবানন, জর্ডান এবং ইরাকেও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সিরিয়ায় আল-কায়েদার তৎপরতা দিন দিন বাড়তে থাকার কারণে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ‘সব বিকল্প’ পথ খোলা রাখছে বলেও জানান মোরেল।