রাশিয়ায় ৯১ বছর বয়সী যুদ্ধাপরাধীর সাজা
অপরাধের বিচারের ক্ষেত্রে বয়স যে কোনো বাধা নয়, রাশিয়ার আদালত ৯১ বছর বয়সি এক ব্যক্তিকে সাজার আদেশ দিয়ে তাই প্রমাণ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীকে সহযোগিতার অভিযোগে সাবেক সেনা সের্গেই মাসলভের অর্জিত মর্যাদা কেড়ে নেয়ার সঙ্গে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।
যুদ্ধাপরাধের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দশককাল কারাভোগের এত বছর পর নতুন করে মাসলভকে মস্কোর একটি আদালত সম্প্রতি এই সাজা দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
বাংলাদেশেও মাসখানেক আগে যুদ্ধাপরাধের দায়ে ৯১ বছর বয়সী গোলাম আযমের ৯০ বছরের সাজা হয়েছে। সম্প্রতি জার্মানিতে নাজি ডেথ ক্যাম্পের এক রক্ষীকে ৯৩ বছর বয়সে গ্রেপ্তার করা হয়েছে।
মাসলভের নিজ গ্রামের বাসিন্দারা তাকে বিশ্বযুদ্ধের একজন বীর হিসাবে জানলেও ২০০৩ সালে আরেক সাবেক সেনা সের্গেই বুটুরলিন মাসলভের বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে পুরোনো কাগজ ঘাঁটতে শুরু করেন।
পরে সেসব কাগজ প্রকাশের পর মাসলভের বিরুদ্ধে অভিযোগ করে গ্রামবাসীরা। শুরু হয় সরকারি তদন্ত, যার সমাপ্তি ঘটে বিচার এবং দোষী সাব্যস্ত হওয়ার মধ্যদিয়ে।
মাসলভের দাবি, তিনি তার ভুলের মাশুল ইতোমধ্যেই দিয়েছেন এবং অপরাধের জন্য এক দফা সাজা খেটেছেন।
সোভিয়েত রেড আর্মির অশ্বারোহী বাহিনীর সদস্য মাসলভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ১৯৪২ সালে জার্মান বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন। যুদ্ধের শেষের দিকে ১৯৪৪ সালে মার্কিন বাহিনী তাকে মুক্ত করে নিয়ে যায়।
সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পর ১৯৫৩ সালে এক সাধারণ ক্ষমার আওতায় তিনি মুক্তি পান।
মাসলভের আইনজীবীরা বলছেন, মাসলভ বন্দি হওয়ার আগে নিজের দেশের জন্যই যুদ্ধ করেছিলেন।
কিন্তু বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, মাসলভ বন্দি হওয়ার পর জার্মানদের সাথে সহযোগিতা করেন, অন্য সোভিয়েত অফিসারদের ধরিয়ে দেন, এমনকি ফ্রান্সে জার্মান দালালদের একটি ব্যাটালিয়নের নেতৃত্বও দেন।
ফলে দেশদ্রোহের জন্য একবার সাজা খেটে বেঁচে গেলেও যুদ্ধকালীন অপরাধের জন্য সের্গেই মাসলভকে বৃদ্ধ বয়সেও মূল্য দিতে হচ্ছে।
