জার্মানিতে ডেথ ক্যাম্পের গার্ড সন্দেহে গ্রেপ্তার ১
জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের অসভিৎজ ডেথ ক্যাম্পের গার্ড সন্দেহে ৯৩ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাৎসি অপরাধীদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার কাজে নিয়োজিত সাইমন অ্যাভিজিনথ্যাল সেন্টার দাবি করেছে, ওই গার্ডের নাম হানস লিপশিস, যিনি তাদের 'মোস্ট ওয়ান্টেট' নাৎসি অপরাধীদের তালিকার চার নম্বরে আছেন।
তবে জার্মানির দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় শহর স্টুটগার্ডের কৌশলিরা সন্দেহভাজন গার্ডের নাম জানায়নি। ওই ডেথ ক্যাম্পে হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে তারা সন্দেহ করছেন।
মিউনিখের একটি আদালতে ২০১১ সালে সবিবর ডেথ ক্যাম্পের সদস্য আইভান ডেমইয়ানউকের বিরুদ্ধে রায় দেয়। সেই রায়ের সূত্র ধরেই লিপশিসকে গ্রেপ্তার করা সম্ভব হয় বলে জানায় সাইমন অ্যাভিজিনথ্যাল সেন্টার।
ওই ডেথ ক্যাম্পে ২৮ হাজার ইহুদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডেমইয়ানউককে অভিযুক্ত করা হয়েছিল। গত বছর ৯১ বছর বয়সে তার তার মৃত্যু হয়।
গত মাসে জার্মানির একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে লিপশিস দাবি করেছেন, তিনি অসভিৎজ ক্যাম্পে একজন বাবুর্চি হিসেবে কাজ করতেন। পরে তিনি ক্যাম্প ত্যাগ করে তিনি পূর্বাঞ্চলে যুদ্ধ করার জন্য চলে যান।
তবে কৌশলিরা দাবি করেছেন, গ্রেপ্তার ওই ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ থেকে ৪৫ সাল পর্যন্ত ওই ক্যাম্পে কাজ করেছেন। কর্তৃপক্ষ তাকে আদালতে সোপর্দ করে বিচারের মুখোমুখি করতে প্রস্তুতি নিচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী শুধু অসভিৎজ ক্যাম্পেই ১৫ লাখ মানুষ হত্যা করেছে যার অধিকাংশই ছিল ইহুদি।
