ইয়েমেনে আল কায়েদার হামলা পরিকল্পনা নস্যাৎ
ইয়েমেন তেল পাইপলাইন উড়িয়ে দেয়াসহ দেশের কয়েকটি প্রধান বন্দর দখলের আল কায়েদা পরিকল্পনা নস্যাৎ করেছে বলে জানিয়েছে।
দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সুরক্ষায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান। ইয়েমেনে আল কায়েদার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ বাহিনী।
বুধবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় ৭ অাল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি পঞ্চম ড্রোন হামলা।
এ হামলায় শাবওয়া প্রদেশের নাসাব শহরে দুটি যান ধ্বংস হয়েছে।
ইয়েমেনের ‘দ্য হাই সিকিউরিটি কমিটি’ দেশটিতে আল কায়েদার সবচেয়ে বিপজ্জনক ২৫ সদস্যের নামের তালিকা দিয়েছে এবং তারা গত কয়েক বছর ধরে সামরিক দপ্তর, সশস্ত্র বাহিনী এবং বিদেশি দূতাবাসগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছে।
তালিকায় নাম থাকা ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারলে তাকে পুরস্কার দেয়ারও প্রস্তাব করেছে কমিটি।
