২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচির ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী করাচিতে বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 09:48 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বুধবার প্রথম প্রহরে করাচির লাইয়ারি আবাসিক এলাকায় একটি ফুটবল ম্যাচ শেষে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, জানিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন।

হতাহতরা সবাই খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয় বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা তারেক ধারেজো জানিয়েছেন, ফুটবল স্টেডিয়ামের বাইরে পার্ক করা একটি মোটর সাইকেলে বোমাটি পাতা ছিল। নিহত সাতজনের অধিকাংশই কিশোর বয়সী।

লাইয়ারি এলাকার দুটি দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রাদেশিক মন্ত্রী জাভেদ নাঘোরিও খেলা দেখতে আসেন।

খেলা শেষে চলে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ির কাছে বোমাটি বিস্ফোরিত হয়। তবে নাঘোরি অক্ষত অবস্থায় রক্ষা পান।

বোমাটি দূর নিয়ন্ত্রিত ছিল বলে জানিয়েছেন ধারজো।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) স্থানীয় সাংসদ সানিয়া নাজ বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করে এতে ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন। নিহতদের সবার বয়স ছয় থেকে ১৫ বছর বলে জানান তিনি।

আহতদের স্থানীয় জিন্নাহ হাসপাতাল ও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন।