২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার তুর্কি সীমান্তে বিমানবন্দর দখল বিদ্রোহীদের

সিরিয়ার তুর্কি সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের দখল নিয়েছে দেশটির বিদ্রোহীরা। এতে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর উত্তরের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথের ওপর বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আরো বেড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা মঙ্গলবার এ খবর জানিয়েছেন।

আলেপ্পো থেকে তুরস্কের গাজিআন্তেপ শহরে যাওয়ার পথে অবস্থিত এই মিন্নিগ মিলিটারি বিমানবন্দর। আট মাস অবরোধ করে রাখার পর বিদ্রোহীরা এটি দখলে নিল।

সিরিয়ার কেন্দ্রীয় এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর কাছে একের পর এক পরাজয়ের পর এ জয়ে উজ্জীবিত হয়ে উঠেছে বিদ্রোহীরা।

বিমানবন্দর দখলের এই অভিযানে অংশ নেয়া নবম ব্রিগ্রেড এক বিবৃতিতে বলেছে, “বিমানবন্দরটি পুরোপুরি মুক্ত করা হয়েছে। আসাদপক্ষের বাকি সেনাদের প্রতিরোধ করা হচ্ছে।”

এই অভিযানে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামিক স্টেট অব ইরাক, লেভান্ত এবং কট্টর ইসলামপন্থি তাওহিদ বিগ্রেডও অংশগ্রহণ করেছে।

সরকারবিরোধী পর্যবেক্ষক গোষ্ঠী শ্যাম নিউজ নেটওয়ার্কের মোহাম্মদ নূর জানিয়েছেন, গত দুই মাসে বিমানবন্দরটির অধিকাংশই দখল করে নিয়েছিল বিদ্রোহীরা।

আসাদ পক্ষের ৭০ জন সেনা এখানো বিমানবন্দরের কমান্ড দপ্তরের ছোট একটি অংশ দখল করে আছে বলে জানান তিনি।

সোমবার বিদ্রোহীপক্ষের এক আত্মঘাতী একটি সাঁজোয়া যান নিয়ে দপ্তরটিতে বোমা হামলা চালানোর পর ওটি বিধ্বস্ত হয়। এতে দপ্তরটিতে আশ্রয় নিয়ে বিদ্রোহীদের প্রতিরোধ করতে থাকা আসাদপক্ষের বেশিরভাগ সেনা নিহত হন।

বাকি সেনারা তিনটি ট্যাঙ্ক নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহীরা একটি ট্যাঙ্ক ধ্বংস করে।

বিমানবন্দরটি রক্ষায় গত মাসে আলেপ্পো থেকে আসাদপক্ষের সেনাবাহিনীর যন্ত্রকৌশল ডিভিশন হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। প্রথম প্রথম তারা সাফল্য পেলেও বিদ্রোহীদের হাতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো নতুন অস্ত্র এসে পৌঁছলে পিছু হটতে শুরু করে আসাদ বাহিনী।