২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানচেষ্টা: তুরস্কের সাবেক সেনাপ্রধানের যাবজ্জীবন

নির্বাচিত সরকারকে উৎখাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করায় তুরস্কের সাবেক সেনাপ্রধান জেনারেল ইলকার বাজবুগকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

পাঁচ বছর বিচার প্রক্রিয়া চলার পর ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা তদন্তে গঠিত বিশেষ আদালত সোমবার সাবেক সেনাপ্রধানসহ ৪০ জনের বিচারের রায় দেয়।

দণ্ডিতদের মধ্যে জেনারেল বাজবুগ ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, লেখক ও সাংবাদিক রয়েছেন।

মোট নয়জন শীর্ষ সেনা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হলেও তাদের কয়েকজনকে সাজা থেকে অব্যাহতি দেয়া হয়।

জেনারেল বাজবুগ ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। দায়িত্বে থাকাকালে তিনি ‘এগেনোকান’ নামের একটি গোপন সংগঠনের আড়ালে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সরকারকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা চালাচ্ছিলেন।

২০০২ সাল থেকে তুরস্কের সরকার চালাচ্ছে ‘জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)”।

দণ্ডিতদের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, তারা এরদোয়ানের একেপি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছিলেন।

বিবিসি জানায়, সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে স্থাপিত সিলিভ্রি প্রিজন কমপ্লেক্সের পাশে স্থাপিত আদালতে একের পর এক রায় ঘোষণা করা হয়। অভিযুক্ত ৬১ জনের মধ্যে ২১ জন খালাস পান।

আদালতের বাইরে হাজার হাজার লোক বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রধানমন্ত্রী এরদোয়ান তার ‘শত্রু’ দমনের জন্য লোক দেখানো বিচার করেছেন বলে সমালোচনাকারীরা অভিযোগ করেন।

এরদোয়ানের সমর্থকরা বলছে, বিচারের মধ্য দিয়ে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত করা গেছে।